কবিতাসাহিত্য

অপ্রিয় আহ্বান

তাহমিদ হাসান


প্রিয় ভদ্র মহোদয়গণ,
প্রথমে আপনাদের ধন্যবাদ জানাতে চাই
আপনাদের অমূল্য সময় আমাকে দেওয়ার জন্যে;
যদিও মানুষ অধিকাংশ সময় অহেতুক নষ্ট করে।
বৃহৎ বিস্ফোরণ কেবল একটি ধারণা মাত্র
যদিও ‘সময়’ মানুষের তৈরি বৈজ্ঞানিক বুদ্ধির বিভ্রম।
হয়তো অনেক বিস্ফোরণ আগেও হয়েছে—ভবিষ্যতে হবে
একটি মুহূর্ত শুধু আমরা পেয়েছি তাই বাঁচার আশায়;
অতএব, আসুন আমরা ‘সময়’ সদ্ব্যবহার করি।

ভদ্র মহোদয়,
আমাদের অভিজ্ঞান হারিয়ে ফেলেছি
অন্ধকারে আজ খুঁজি বিগত দিনের পদচিহ্ন
ধূসর দিনের কোলাহলে মুগ্ধ বেহালার সুর।
যদিও নদীর জন্ম হয় সমুদ্রে হারাবে বলে
তবু নদী বয়ে যায় অপার আনন্দে।
তেমনি মরণ আমাদের বিধিলিপি
অথচ আমরা আপ্রাণ বাঁচতে চাই—
মূলত মানুষ এক মহাজাগতিক যাযাবর।

প্রিয় বন্ধুগণ,
আমাদের এই পৃথিবী হয়ত এক বেদনার বাসস্থান
যদিও আমরা ভীষণ হাসতে ভালোবাসি।
আমরা সবাই খুব ভালোবাসি ফুলের সুবাস
কিন্তু চাষ করি সব হিংসার বিপুল বিষের;
পাখির গানের সুরে মুগ্ধ আমাদের বসুন্ধরা
অথচ আবার আমাদের মুখে বারুদের গন্ধ
লেগেছে রক্তের দাগ তীরের ফলায়;
অতএব, আসুন আমরা এই দ্বিচারিতা বন্ধ করি।

সম্মানিত মহোদয়গণ,
নীতিবাক্য আজ নীতিহীন
আমরা ছিলাম সব সত্যের সন্তান
অথচ এখন মুখে মিথ্যার মায়াবী মুখোশ;
আর রাজনীতি—ক্ষমতাসীন গোলাম ভুলে গেছে
একদিন সে-ও ছিল নিগৃহীত নিরীহ গোলাম।
আমার আগুনে হায়, পড়ে গেছে আমার পড়শী
অথচ নিজেকে ভাবি নীতির ধারক;
অতএব, আসুন সবাই নিজের দর্পণে নিজেকেই দেখি।

প্রিয় শ্রোতাবৃন্দ,
মানব-প্রকৃতি যেন আজন্ম অদ্ভুত
আমাদের কাছে টানে দূরের রূপসী;
অথচ ঘরের বধূ মনে হয় চির অভাগিনী।
রাতের নির্জনে দেখি নক্ষত্রের নতুন নিবাস
অথচ রাখি না খোঁজ কে-বা প্রতিবেশী
সারাদিন তবু বিলি করি অযাচিত উপদেশ;
অতএব, যদিও প্রাচীন তবুও আবার বলি—
আসুন আমরা তেল দেই আপনার চরকায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension