
যুক্তরাষ্ট্রে করোনা মহামারীতে প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

করোনাভাইরাসে আক্রান্ত ও বিপর্যস্ত বাংলাদেশিদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
গেল ৮ মার্চ শুক্রবার জ্যাকসন হাইটসের ব্রডওয়ের একটি ভেন্যু থেকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার এ কর্মসূচির সূচনা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ঘর থেকে বেরোতে পারছেন না, কিংবা দোকানে নিয়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পারছেন না, এমন প্রবাসীদের একটি তালিকা তৈরি করেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারপর ১৫ দিনের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
ইতোমধ্যে ১৫ দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীর নেতৃত্বে এ দলে রয়েছেন সংগঠনের অন্যতম সহ সভাপতি ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার ও আশরাফ আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক মতিউর চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য জাফরউল্লাহ ও নির্বাহী সদস্য এটিএম মাসুদ প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, করোনার এ সময়ে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ গৃহীত এ সহায়তা প্রকল্প কয়েক ধাপে সম্পন্ন করা হবে।◉



