
টেম্পোরারি ক্যাপ্টেন’ বলে পেইনকে পালটা পন্তের
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : স্টাম্পের পিছন থেকে ব্যাটসম্যানকে টিপ্পনি। ব্যাট-বলের লড়াই ছাপিয়ে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে বারবারই সামনে আসছে স্লেজিংয়ের ঘটনা। সিরিজের শুরু থেকে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের ‘স্লেজিং’ অস্ত্রে তাদেরই ঘায়েল করে চলেছেন ভারতের তরুণ উইকেটকিপার ঋষভ পন্থ। একাধিকবার এই ইস্যুতে শিরোনামেও এসেছেন দিল্লি বয়। বাদ গেল না এমসিজিও। এবার অস্ট্রেলিয় দলনায়ককে স্টাম্পের পিছন থেকে ‘টেম্পোরারি ক্যাপ্টেন’ বলে উপহাস করলেন পন্ত।
সম্প্রতি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পাশাপাশি কিউইদের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে ফিরেছেন ধোনি। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে উইকেটের পিছনে গ্লাভস হাতে দাঁড়ানোর সুযোগ নেই পন্তের। শুক্রবার উইকেটের পিছন থেকে ঋষভকে সেই নিয়েই খোঁচা দেন পেইন। শনিবার দ্বিতীয় ইনিংসে তারই পালটা দিলেন পন্ত।
ভারতের ৩৯৯ রানের লক্ষ্যমাত্রার জবাবে দ্বিতীয় ইনিংসে তখন পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে অজিরা। মেলবোর্নে ব্যাট হাতে নামলেন অস্ট্রেলিয়া দলনায়ক। ক্রিজে আসতেই চেনা ছকে পেইনের উদ্দেশ্যে টিপ্পনি ছুঁড়তে শুরু করে দেন পন্ত। অজি অধিনায়ককে উদ্দেশ্য করে সিলি পয়েন্টে দাঁড়িয়ে থাকা ময়াঙ্ককে পন্ত বলেন, ‘একজন বিশেষ অতিথিকে পেয়েছি আমরা। ‘টেম্পোরারি ক্যাপ্টেন’ বলে কখনও কিছু শুনেছো ময়াঙ্ক?’ এরপর জাদেজার প্রতি পন্তের বার্তা, ‘একে আউট করার জন্য তোমায় বিশেষ কসরৎ করতে হবে না। পেইন শুধু কথা বলতে জানে।’
It was Rishabh Pant's turn for some fun on the stump mic today… #AUSvIND pic.twitter.com/RS8I6kI55f
— cricket.com.au (@cricketcomau) December 29, 2018
পন্তের সমস্ত টিপ্পনিই ধরা পড়ে স্টাম্প মাইকে। আর ওভার শেষে ‘টেম্পোরারি ক্যাপ্টেন’ বলে পেইনের মনোসংযোগে ব্যাঘাত ঘটানোর জন্য পন্তকে সতর্ক করে দেন আম্পায়ার ইয়ান গুড। এর আগে বক্সিং ডে টেস্টের তৃতীয়দিন উইকেটের পিছন থেকে রোহিত ও পন্তকে ক্রমাগত স্লেজিংয়ে বিদ্ধ করতে থাকেন পেইন। রোহিতকে ছয় মারতে উদ্যত করার পাশাপাশি পন্তকে আগামী সিরিজে সুযোগ হারানো ইস্যুতে স্লেজ করতে থাকেন বছর তেত্রিশের পেইন। পন্তের জন্য বিগ ব্যাশের দরজা খোলা আছে বলে তির্যক মন্তব্য ছুঁড়ে দেন তিনি। পাশাপাশি তাঁকে ‘বেবিসিট’ বলেও অভিহিত করেন টিম।
তারই পালটা হিসেবেই যে পন্ত এদিন মৌখিক আক্রমণ করলেন অজি দলনায়ককে, তা আর বলার অপেক্ষা রাখে না। শেষ অবধি ২৬ রানে জাদেজার বলে পন্তকে ক্যাচ দিয়েই সাজঘরে ফেরেন পেইন। ৩৯৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রতিবেদন লেখা অবধি ৮ উইকেট হারিয়েছে অজিরা। মেলবোর্নে জয় থেকে দুই উইকেট দূরে ভারত।



