প্রধান খবরবাংলাদেশ

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে শিগগির দেশে আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার রয়েছেন এবং দ্রুতই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন।

আজ রোববার জাতীয় সংসদে ৩০০ বিধির আওতায় দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

পুলিশ সদরদপ্তর জানায়, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় বেনজীরকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ জুন একটি চিঠি দিয়ে দুবাই পুলিশ এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত ১২ জুন আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমদকে আমিরাত পুলিশ গ্রেপ্তার করা হয়েছে।’

মন্ত্রী জানান, এর আগে বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছিল। সেই নোটিশের ভিত্তিতেই ইন্টারপোল আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আটক করার অনুরোধ জানায়।

‘তিনি বর্তমানে সেখানে আটক আছেন। আমি এই মহান সংসদকে আরও জানাচ্ছি যে এনসিবি আবুধাবি জানিয়েছে, ইউএই ফেডারেল ল অনুযায়ী গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠাতে হবে,’ বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বেনজীর আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও বাংলাদেশ পাসপোর্ট অর্ডার আইনের মামলা বিচারাধীন। এ বিষয়ে এনসিবি ঢাকা ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে রেড নোটিশ প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয়, বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও গ্রেপ্তার পরবর্তী ফলোআপ কার্যক্রম সম্পন্ন করেছে।’

‘তাকে প্রত্যার্পনের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সট্রাডিশনাল প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমিরাত কর্তৃপক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠিয়ে এনসিবি আবুধাবির সঙ্গে সমন্বয় করে অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে,’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে, অপরাধী যত শক্তিশালী হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নয়। এ ঘটনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension