
সুশান্ত কুমার দে
ভেবেছিলাম প্রদীপের আলোটা জ্বলছে
কাছে গেলাম, দেখলাম; একটা ভিন্ন অবয়ব।
গোলাপের পাপড়ি ছড়িয়ে রক্ত মাংসে গড়া
একটা প্রস্ফুটিত নারী মূর্তি!
অধীর অপেক্ষমাণ একটা সুগন্ধিযুক্ত ঘ্রাণের
শিহরণ জাগানো উন্মত্ত মাতাল হাওয়া।
উঁকি- ঝুঁকি দিয়ে যায় এক ঝাঁক মধুমক্ষিকা
তৃষ্ণার্ত হৃদয়ে নিগূঢ় প্রেমের স্পন্দন।
মুহূর্তেই জীবনের সব স্বপ্ন ঝরে পড়ে,
নেমে আসে রাতের নিস্তব্ধতা! গোলাপের গন্ধে
ভরে গেছে ঘরটা। বৈদ্যুতিক আলো টা নিভে যায়।
ফুল ও নারীর রোশনাই আলোকিত হৃদয়াঙ্গণ!
টইটুম্বুর মধুর রস আচ্ছাদনে উন্মত্ত দুটি হৃদয়।
আহ্! কী অনন্ত সুখ! পৃথিবীর সব সুখ
জড়ো হলেও এমন সুখানুভূতি কোথাও নেই।
ফুল ও নারী তারা নিজেদেরই সৌন্দর্যের
ভাণ্ডার পরার্থে বিলিয়ে দেয়। নিজেদের জন্যই
কিছুই রাখে না! ভালোবাসার যথার্থতার
প্রমাণ দেয় ফুল ও নারী!



