বাংলাদেশবিজ্ঞান ও প্রযুক্তি

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বুঝে পেল বাংলাদেশ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলামোটরের বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) কার্যালয়ে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের হস্তান্তর’ শীর্ষক এক অনুষ্ঠানে  বাংলাদেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বুঝে পেয়েছে বাংলাদেশ।
উৎক্ষেপণের ছয় মাসের মাথায় বাংলাদেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেসের কাছ থেকে বুঝে পেল বাংলাদেশ। এখন থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর রক্ষণাবেক্ষণ, পরিচালনাসহ সকল দায় দায়িত্ব বাংলাদেশের।

থ্যালাস অ্যালেনিয়া স্পেসের প্রোগ্রাম ম্যানেজার জিল অবাদিয়া বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হকের কাছে ‘ট্রান্সফার অফ টাইটেল’ হস্তান্তর করেন। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিসিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদের কাছে হস্তান্তর করেন। এই স্যাটেলাইটটির সিস্টেমের নকশা তৈরির জন্য ২০১২ সালের মার্চে মূল পরামর্শকের দায়িত্ব পায় যুক্তরাষ্ট্রভিত্তিক ‘স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল।’ এরপর স্যাটেলাইট সিস্টেম কিনতে ফ্রান্সের তালিস এলিনিয়ার সঙ্গে এক হাজার ৯৫১ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকার চুক্তি করে বিটিআরসি।

গেল বুধবার স্যাটেলাইট হস্তান্তর নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বৈঠকে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, বিসিএসসিএল বোর্ডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ অন্যান্য সদস্য।

গত ১১ মে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণের পর কক্ষপথে এটি ১১৯ দশমিক ১ ডিগ্রিতে পৌঁছায়। ইন অরবিট টেস্টসহ (আইওটি) নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।

ইতোমধ্যেই এই স্যাটেলাইট নানা সফলতার মুখ দেখিয়েছে। এ স্যাটেলাইটের মাধ্যমে সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করা হয় এবং দুবাইতে এশিয়া কাপ ক্রিকেটের সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। তাছাড়া কয়েকটি বেসরকারি টেলিভিশনের সঙ্গেও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension