
বিক্ষোভ, কালো পতাকা প্রদর্শনসহ বিএনপির লাগাতার কর্মসূচি ঘোষণা
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার নিউইয়র্কে অবস্থানকালে বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাসের নেতা-কর্মীরা সর্বত্র বিক্ষোভ, কালো পতাকা প্রদর্শন করবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। নিউইয়র্কে জ্যাকসন হাইটসে গত ২১ সেপ্টেম্বর শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র বিএনপির এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, বিএনপি নেতা কাজী আজহারুল হক মিলন, আনোয়ারুল ইসলাম, বাবুল চৌধুরী, নিয়াজ আহমেদ জুয়েল, আলহাজ্ব মাহফফুজুল মাওলা নান্নু, সোহরাব হোসেন, নাসিম আহমেদ, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আনোয়ার হোসেন, সৈয়দা মাহমুদা শিরিন, ইঞ্জিনিয়ার আবদুল খালেন, এডভোকেট আরিফ, শাহাদৎ হোসেন রাজু, ছাত্রদল যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমুুখ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রাষ্ট্রীয় ও প্রাইভেট ব্যাংকসহ বাংলাদেশ ব্যাংকে অবাধে লুটপাট হচ্ছে। এর কোন বিচার হচ্ছে না। শেয়ার মার্কেট থেকে ৯০ হাজার কোটি টাকা সরানোর তদন্ত রিপোর্ট আজও আলোর মুখ দেখেনি।
আব্দুল লতিফ সম্রাট বলেন, যুক্তরাজ্য, ফিনল্যান্ডসহ বিভিন্ন দেশে বিএনপির কমিটির অনুমোদন দেয়া হলেও যুক্তরাষ্ট্রের কমিটির খবর নেই। এ নিয়ে আমরা হতাশ হলেও সময়ের প্রয়োজনে রাজপথ ছাড়িনি। দল ও দেশের স্বার্থে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি।
গিয়াস আহমেদ বলেন, পদ-পদবির তোয়াক্কা না করে আমরা বিএনপির এই চরম সংকটে মাঠে রয়েছি। চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
আলহাজ্ব সোলায়মান ভূইয়া বলেন, প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালীন বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে ৫ বছর আগে। এখন পর্যন্ত কমিটির অনুমোদন না আসায় সাবেক কর্মকর্তারা ৫ খন্ডে বিভক্ত হয়ে বিভিন্ন কার্যক্রম-আন্দোলন-কর্মসূচি পরিচালনা করছেন। সম্প্রতি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সফরের সময় যুক্তরাষ্ট্র বিএনপির কোন পর্যায়ের কর্মকর্তাকেই সাক্ষাত দেননি। এতে নেতা-কর্মীরা হতাশ ও ক্ষুব্ধ হন।



