
ভারতের জন্য ভিসা নীতি শিথিল করবে না যুক্তরাজ্য: স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ভারতের জন্য ভিসা নীতি শিথিল করা হবে না। দু’দিনের সফরে তিনি ভারতে এসেছেন।
বুধবার (৮ অক্টোবর) সকালে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথমবারের মতো ভারতে সফর করছেন স্টারমার। তার এই সফরের ঘোষণার পর থেকেই ভারতীয়দের জন্য ভিসা নীতিতে পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে স্টারমার সেই আলোচনা উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, ভারতের সঙ্গে ভিসা চুক্তির কোনো সম্ভাবনা নেই।
তার ভারত সফরের বিষয়ে স্টারমার জানান, ভারতের সঙ্গে ব্রিটেনের সম্প্রতি স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিতে মূলত ব্যবসা এবং বিনিয়োগ গুরুত্ব পাবে।
ভিসা নিয়ে আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এটা পরিকল্পনার অংশ নয়। যুক্তরাজ্যের অভিবাসন নীতির কোনো পরিবর্তন হবে না।
তবে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে স্বাক্ষরিত নতুন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করে দুই দেশের অর্থনীতিতে কীভাবে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি।
গত জুলাই মাসে কয়েক বছরের আলোচনার পর ভারত ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) মুম্বইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন স্টারমার।



