
মোদীকে ভারতের ‘Commander in Thief’ বলে আক্রমণ রাহুলের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: রাফায়েল চুক্তি নিয়ে লাগাতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তোপ দেগে চলেছেন রাহুল গান্ধী৷ সাংবাদিক সম্মেলন, ব়্যালি, সোশ্যাল মিডিয়া সর্বত্র মোদীকে কটাক্ষ করে চলেছেন৷ সোমবার ফের একবার ট্যুইটারে আক্রমণ করে তিনি মোদীকে বলেন ‘কমান্ডার ইন থিফ’৷
এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট জানান, রাফায়েলের জন্য ভারতীয় সংস্থা রিলায়েন্সকেই কেন বেছে নেওয়া হল৷ সে ব্যাপারে উত্তর দিতে গিয়ে ওলাদেঁ বলেছিলেন, ”আমাদের এতে কোনও হাত ছিল না। ভারত সরকারই এই প্রস্তাব দিয়েছিল। তারপর অম্বানির সঙ্গে কথা বলে ড্যাসল্ট। আমাদের কোনও পছন্দ ছিল না।”
সোমবার রাহুল গান্ধী একটি ভিডিও ট্যুইট করেন, যেখানে রাফায়েল ডিল সম্পর্কে বোঝানো হচ্ছে৷ ভিডিওতে যিনি বক্তব্য রাখছেন, তিনি বলছেন, ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলান্দে রাফায়েল ডিলের বিষয়ে বলেন, ভারত সরকারের পক্ষ থেকে আম্বানির সংস্থার নাম বলেছিল কারণ তাদের কাছে অন্য কোনও চয়েস ছিল না৷
The sad truth about India's Commander in Thief. pic.twitter.com/USrxqlJTWe
— Rahul Gandhi (@RahulGandhi) September 24, 2018
প্রসঙ্গত, রাফায়েল চুক্তিতে রিলায়েন্স এন্টারটেনমেন্টের আসা ও পরবর্তীকালে রাফায়েলের চুক্তির অঙ্গ হিসাবে অম্বানিদের রিলায়েন্স ডিফেন্সের রিলায়েন্স এয়ারোস্পেসের নাম সামনে আসা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী। তাঁর দাবি ছিল, ডিফেন্স সেক্টরে অভিজ্ঞতা না থাকা সত্বেও কেন করা হল এই চুক্তি। রাহুলের দাবি, নরেন্দ্র মোদী রাফায়েল চুক্তি করার দিন ১৫ আগেই তৈরি হয় ‘রিলায়েন্স ডিফেন্স’ নামে ওই সংস্থা। যদিও সেই দাবি অস্বীকার করে আগেই জবাব দেন অনিল অম্বানি।
রাহুল গান্ধী ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ওলান্দের বক্তব্যের ভিত্তিতে সাংবাদিক সম্মেলনও করেন৷ তাঁর মতে, ওলান্দে ভারতের প্রধানমন্ত্রীকে চোর বলছেন, প্রধানমন্ত্রীর জবাব দেওয়া উচিত৷
এদিকে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি রবিবার একটি সাক্ষাৎকারে সরকারের বর্তমান অবস্থান স্পষ্ট করে দেন৷ তিনি স্পষ্ট জানান, রাফায়েল চুক্তি নিয়ে কোনও নেতিবাচক চিন্তাভাবনা নেই৷ বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে দিয়েচেন তিনি৷ তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন, রাফায়েলের দাম নিয়ে তদন্ত করবে CAG, কিন্তু এই চুক্তি বাতিল হচ্ছে না৷



