আঞ্চলিকবাংলাদেশ

স্বামী সন্তানকে খুঁজতে গিয়ে গৃহবধূ গণধর্ষণের শিকার

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামী সন্তানকে খুঁজতে গিয়ে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। ফতুল্লার মুসলিমনগর এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হল ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার মৃত. আহম্মদ আলীর ছেলে নৈশপ্রহরী নুরুল ইসলাম (৬৫), নরসিংপুর এলাকার লাল মিয়ার ছেলে চা দোকানদার আইনুল মিয়া (২২) ও মুসলিমনগর কাওয়াপাড়া এলাকার অক্ষয় মহন্তের ছেলে রিকশাচালক রাজ বল্লভ (৬২)।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ১৭ বছর বয়সী ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় ইজিবাইক চালক। এরপর দুইদিন বাসায় ফিরে না আসায় বৃহস্পতিবার রাতে স্বামী সন্তানকে খুঁজতে বের হয় ৩৭ বছর বয়সী গৃহবধূ।

তিনি জানান, মুসলিমনগর এলাকায় ইজিবাইক রাখার এক গ্যারেজে গিয়ে স্বামী ও সন্তানকে না পেয়ে বাসায় ফেরার পথে চার লম্পট গৃহবধূকে আটক করে নরসিংপুর প্রাইমারি স্কুলের পিছনে নিয়ে যায়। সেখানে পর্যায়ক্রমে তিনজন ধর্ষণ ও একজন শ্লীলতাহানি করেছে। এরপর ধর্ষণের ঘটনা কাউকে না বলতে হুমকি দিয়ে গৃহবধূকে তাড়িয়ে দেয়।

ওসি জানান, এ ঘটনায় গৃহবধূ তার আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছু সময় বিলম্ব করেছে। অভিযোগ পেয়ে তাৎক্ষনিক তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাত আরেকজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটি আরও তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension