
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের পারমাণবিক কর্মসূচিসংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম, বিজ্ঞানী, গবেষক ও অন্যান্য ব্যক্তি এবং তাদের চলাচলসংক্রান্ত তথ্য চেয়েছে সেন্টকম।
ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিলে ২০ মিলিয়ন পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ ঘোষণা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্যের জন্য সর্বোচ্চ ২০ মিলিয়ন ডলার পুরস্কার এবং প্রয়োজনে অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে।
ইরানের পারমাণবিক কর্মসূচিসংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম, বিজ্ঞানী, গবেষক ও অন্যান্য ব্যক্তি এবং তাদের চলাচলসংক্রান্ত তথ্য চেয়েছে সেন্টকম।
তথ্য দেওয়ার জন্য ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’-এর ওয়েবসাইটের একটি লিংকও শেয়ার করেছে সেন্টকম। সেখানে আগ্রহীরা তথ্য বা পরামর্শ জমা দিতে পারবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য ১৯৮৪ সালে ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি চালু করা হয়। তথ্যের বিনিময়ে পুরস্কার দেওয়ার পাশাপাশি প্রয়োজনে তথ্যদাতাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে এ কর্মসূচিতে।



