যুক্তরাষ্ট্র

এবার স্কুল-বিশ্ববিদ্যালয় খুলতে চান ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে নিজের বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তবে তার আগে তিনি একটি স্কুল তৈরি করতে চান এবং এই লক্ষ্যে তিনি বিভিন্ন উদ্যোগ নিতেও শুরু করেছেন। তার এই স্কুল ও বিশ্ববিদ্যালয়ে কোনো টিউশন ফি থাকবে না। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্কুল খোলার জন্য ইলন মাস্ক এরই মধ্যে একটি দাতব্য প্রতিষ্ঠানকে ১০ কোটি ডলার দিয়েছেন। এই অর্থদানের বিষয়টি সংশ্লিষ্ট দাতব্য প্রতিষ্ঠানকে দেওয়া অর্থের করের নথিপত্র থেকে জানতে পেরেছে ব্লুমবার্গ। প্রাথমিকভাবে ইলন মাস্কের দেওয়া অর্থ দিয়ে একটি এলিমেন্টারি বা প্রাথমিক স্কুল খোলা হবে। পরে পর্যায়ক্রমে হাইস্কুল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ইলন মাস্কের দেওয়া এই অর্থ দিয়ে প্রতিষ্ঠিত স্কুলে প্রাথমিকভাবে ৫০ জন শিক্ষার্থী নেওয়া হবে। এসব শিক্ষার্থীকে স্টেম সাবজেক্টস বা বিজ্ঞান, প্রযুক্তি, চিকিত্সা ও গণিতসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পড়ানো হবে। স্টেম সাবজেক্টস বলতে বোঝায়, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ, প্রযুক্তি ও প্রকৌশল, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান, অর্থনীতি ও ভূবিদ্যা।

কর জমা দেওয়ার ঐ নথি থেকে জানা গেছে, ঐ দাতব্য প্রতিষ্ঠানের নাম দ্য ফাউন্ডেশন। দাতব্য সংস্থাটি সর্বোচ্চ স্তরে শিক্ষার জন্য স্কুল থেকে তার কার্যক্রম প্রসারিত করে নিবেদিত একটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চায়। নথিতে আরো বলা হয়েছে, ইলন মাস্কের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের জন্য শিগগির নিয়ন্ত্রক সংস্থা ইউনিভার্সিটি সাউদার্ন অ্যাসোসিয়েশন অব কলেজ অ্যান্ড স্কুল কমিশন অন কলেজে স্বীকৃতির জন্য আবেদন করবে।

নথি থেকে আরো জানা গেছে, প্রাথমিকভাবে স্কুলটিতে কোনো টিউশন ফি না নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে টিউশন ফি চালু করা হলেও শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্কলারশিপ বা বৃত্তি দেওয়া হবে।

এর আগেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ইলন মাস্ক। ২০১২ সালে তিনি ‘অ্যাড অ্যাস্ট্রা’ নামে একটি প্রাইভেট স্কুল চালু করেছিলেন। তার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বাচ্চাদের জন্য ঐ স্কুল চালু করা হয়েছিল। ঐ স্কুল সম্পর্কে ইলন বলেছিলেন, অ্যাড অ্যাস্ট্রায় কোনো গ্রেড নেই, বরং স্কুলটি শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension