যুক্তরাষ্ট্র

কেবল বিমান হামলা করে ইরানকে কাবু করা সম্ভব নয়: ট্রাম্পের শীর্ষ জেনারেল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও তীব্র করা হলে তা বিপরীত ফল দিতে পারে। কেবল বিমান হামলা চালিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে গোপনে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

শনিবার (৮ আগস্ট) আনাদোলুর এক প্রতিবেদনে সিএনএনের বরাতে জানানো হয়েছে, মার্কিন এই শীর্ষ সামরিক কর্মকর্তা সংঘাত কমানোর পথ খোঁজার পরামর্শ দিয়েছেন।

বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কেইন তার এই উদ্বেগের কথা তুলে ধরেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থল অভিযানের পক্ষে না থাকলেও কেবল আকাশপথের আক্রমণ তেহরানকে দাবি মানতে বাধ্য করতে পারবে না বলে তারা মনে করছেন।

জুলাইয়ের শেষের দিকে প্রস্তাবিত একটি সামরিক পদক্ষেপের ব্যাপারে সামরিক কর্মকর্তারা সংশয় প্রকাশ করেছিলেন, কারণ এর জবাবে মার্কিন মিত্র ও অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে ইরানের পাল্টা আক্রমণের ঝুঁকি রয়েছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অংশীদারদের সতর্কবার্তার পরই ট্রাম্প সেই অভিযান স্থগিত করেছিলেন।

প্রতিবেদনে আরও তুলে ধরা হয়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার গোলাবারুদের ঘাটতি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতাকে সংকুচিত করছে। তবে কেইন এটিও উল্লেখ করেছেন যে ট্রাম্প আদেশ দিলে মার্কিন বাহিনী এখনও ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে সক্ষম।

প্রেসিডেন্ট ট্রাম্প যেন বিষয়টিকে নিজের রাজনৈতিক বিজয় হিসেবে তুলে ধরতে পারেন এবং একই সঙ্গে কূটনৈতিক আলোচনার সুযোগ বজায় থাকে, তেমন একটি সম্মানজনক সমাধানের পথ খুঁজছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। এর মধ্যে দিয়ে হরমুজ প্রণালি পুনরায় চালু করার একটি সম্ভাব্য চুক্তিও আলোর মুখ দেখতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension