
কুমিল্লার ঘটনার প্রতিবাদে নিউইয়র্কে প্রতিবাদ
কুমিল্লার মুরাদনগরে হিন্দু বাড়িঘর ভাংচুর, লুটপাট, আগুন ও নারীদের ওপর শারিরীক নির্যাতন এবং মন্দিরে হামলাসহ প্রতিদিন দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার , হত্যা, ধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তরসহ অসংখ্য নির্যাতনের বিরুদ্ধে শনিবার ৭ নভেম্বর নিউইয়র্ক জ্যাকসনহাইটসের ডাইভারসিটি প্লাজায় হিন্দু কোয়ালিশন আমেরিকার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ আয়োজিত হয়।
দীপক দাশের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দীনেশ মজুমদার, গোবিন্দ বানিয়ে, নিতাই বাগচী, বিভাস মল্লিক, জয়দেব গাইন, রুপক নন্দী, শিতাংশু গুহ, ভজন সরকার, বিদ্যুৎ সরকার, রনবীর বড়ুয়া, ডা. টমাস দুলু রায়, সনজিৎ কুমার ঘোষসহ অনেকে। জুম্মদের পক্ষে বক্তব্য রাখেন, মংএপ্রু, নিরময় তচঙ্গ্যা, আরাবিন্দু চাকমা প্রমুখ।
সমাবেশে সংখ্যালঘুদের নির্যাতন, ধর্ষণ ও জমি দখলের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান, অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবী জানিয়ে দেশের প্রগতিশীল শক্তির নীরবতায় উষ্মা প্রকাশ করা হয়।
সমাবেশ থেকে দীনেশ মজুমদার ও রণবীর বড়ুয়া ঘোষণা করেন, কুমিল্লাসহ সারাদেশে প্রতিদিন সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আগামী শুক্রবার দুপুর ২টায় জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে।❐



