
জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চায় ঢাকা
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও সার সরবরাহের মাধ্যমে খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখতে আলজেরিয়ার সহযোগিতা চেয়েছে সরকার।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দুলওয়াহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এ সহযোগিতা চান।
পররাষ্ট্র মন্ত্রণালয় দুই প্রতিমন্ত্রীর পৃথক বৈঠকের পৃথক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করলেও জ্বালানি ও খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে আলোচনা ছিল প্রায় একই ধরনের।
জ্বালানি নিরাপত্তার বিষয়ে উভয় প্রতিমন্ত্রীর তরফে অনুরোধ জানানোর কথা তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এ খাতে সহযোগিতা বাড়াতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী হুমায়ুন এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বিশ্বের এলএনজি রপ্তানিকারক দেশগুলোর প্রথম সারির একটি আলজেরিয়া।
জার্মান ডেটা-সরবরাহ সংস্থা স্ট্যাটিস্টার তথ্য বলছে, ২০২৫ সালের সেপ্টেম্বরের হিসাবে, গ্যাস রপ্তানির সক্ষমতার দিক থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে আফ্রিকার দেশটি।
ওই হিসাবে দেশটির দুই কোটি ৫৩ লাখ টন এলএনজি সরবরাহের সক্ষমতা থাকার তথ্য দিয়েছে স্ট্যাটিস্টা।
উভয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, জাহাজ নির্মাণ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে উভয়পক্ষ আলোচনা করেছে।
বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সার খাতে সহযোগিতার গুরুত্ব দুই প্রতিমন্ত্রী হুমায়ুন ও শামা ওবায়েদের তরফের তুলে ধরার কথা বলা দুই সংবাদ বিজ্ঞপ্তিতে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানো এবং দুই দেশের অংশীদারত্ব আরও বাড়ানোর জন্য উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর জোর দিয়েছেন হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুদেশের বর্তমান সম্পর্ককে আরও গভীর করতে জ্বালানি, ওষুধ, সার, জাহাজ নির্মাণ, দুদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল এবং উচ্চ পর্যায়ের সফরের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা প্রতিউত্তরে বলেছেন রাষ্ট্রদূত সাইদানি।
শামা ওবায়েদের বৈঠকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে আলজেরিয়ায় আরও পচনশীল ও পরিবেশবান্ধব পাট এবং পাট পণ্য নেওয়ার কথা বলেছেন প্রতিমন্ত্রী। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের কথাও বলেছেন তিনি।



