
মানবতাবিরোধী অপরাধের মামলা: জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চব্বিশের জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনে হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় সাবেক উপাচার্য মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবালসহ ৮ আসামির বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়ে পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
তারা হলেন পলাতক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ পাঁচজন।
আসামিদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগগুলো হলো সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক টক শোতে সব হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছেন, তিনি আবু সাঈদকে সন্ত্রাসী বলেছেন; তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন, ছাত্রলীগকে মাঠে নামিয়েছেন; অধ্যাপক জাফর ইকবাল আন্দোলনকারীদের রাজাকারের সন্তান বলে হত্যায় সহযোগিতা করেছেন।
আট আসামির মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক আ ক ম জামালউদ্দিন, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত গ্রেপ্তার রয়েছে।
পলাতক আছেন অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইনান ও ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।
এ ছাড়া গাজীপুরে মাদরাসা অধ্যক্ষ আবুল হোসেনসহ সাতজনকে গুমের ঘটনায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।



