
ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা
ট্রাফিক আইন অমান্যকারদীর বিরুদ্ধে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মামলা হচ্ছে। মামলার নথি ডাক যোগাযোগে পাঠাচ্ছে ঢাকা মেট্রোপলিচন পুলিশ (ডিএমপি)। মামলার পর অভিযুক্ত চালক সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির না হলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।
আজ রবিবার সিসি ক্যামেরা/ভিডিও ফুটেজের মাধ্যমে ট্রাফিক মামলা সতর্কীকরণসংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএমপি।
ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে ঢাকা মহানগরের চলাচলরত ট্রাফিক আইন অমান্যকারী মালিক বা চালকদের বিরুদ্ধে ভিডিও বা স্থিরচিত্র ধারণ করে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে তাদের ঠিকানায় ডাকযোগে নোটিশ পাঠানো হচ্ছে।
নোটিশ পেয়ে মালিক/চালকগণ ডিএমপি সদর দপ্তর এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে নির্ধারিত জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করছেন। নোটিশ পেয়ে ট্রাফিক বিভাগে হাজির না হলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া (সমন/গ্রেপ্তারি পরোয়ানা) ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের মাধ্যমে বাস্তবায়নের কার্যক্রম সম্প্রতি গ্রহণ করা হয়েছে।
মামলার জরিমানা পরিশোধ সংক্রান্ত কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকতে চালকদের পরামর্শ দিয়েছে ডিএমপি।
কোনো ব্যক্তি বা চক্র ভিডিও/সিসি ক্যামেরার মামলার নাম ব্যবহার করে অর্থ পরিশোধের বার্তা দিলে তা নিকটস্থ থানায় বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে জানাতে বলা হয়েছে।



