
নর’ইস্টারের তাণ্ডবে বিপর্যস্ত নিউইয়র্ক–লং আইল্যান্ড
ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি ও উপকূলীয় বন্যার শঙ্কা—বাড়ছে সতর্কতা
শাহ্ জে. চৌধুরী :
শক্তিশালী নর’ইস্টারের প্রভাবে নিউইয়র্ক, লং আইল্যান্ড ও নিউ জার্সির বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বিপজ্জনক ঢেউ ও উপকূলীয় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার থেকে ঝড়ের তীব্রতা বাড়তে পারে। উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ মাইল বেগে বাতাস এবং লং আইল্যান্ডের কিছু এলাকায় ঝোড়ো বাতাসের গতি ৭০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে। এতে গাছপালা উপড়ে পড়া, বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াতে বিঘ্নের আশঙ্কা রয়েছে।
লং আইল্যান্ড ও জার্সি শোরের উপকূলীয় এলাকায় জোয়ারের সময় পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নিচু এলাকায় প্লাবন ও জলাবদ্ধতার ঝুঁকিও রয়েছে।
ঝড়ের প্রভাবে লং আইল্যান্ড রেল রোডের কয়েকটি রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। কোথাও কোথাও রেললাইনে গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।
নিউইয়র্ক সিটিসহ আশপাশের এলাকায় বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ সতর্কতা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তা: উপকূলীয় ও নিচু এলাকা এড়িয়ে চলুন। বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালাবেন না। ঝোড়ো বাতাসের সময় বাইরে থাকা এড়িয়ে চলুন এবং ঢিলা বা ভারী সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে রাখুন।
ঝড়ের প্রভাব রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।



