যুক্তরাষ্ট্র

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

ভিসা, গ্রিন কার্ডসহ বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি বাড়িয়ে নতুন নীতিমালা জারি করেছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী, আবেদন জমা দেওয়ার সময়ই আবেদনকারীকে সংশ্লিষ্ট সুবিধার জন্য নিজের যোগ্যতার পূর্ণাঙ্গ প্রমাণপত্র দাখিল করতে হবে। তা না হলে অতিরিক্ত তথ্য চাওয়ার সুযোগ না দিয়েই আবেদন বাতিল করা হতে পারে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রয়োজনীয় প্রাথমিক নথি বা যোগ্যতার প্রমাণ জমা দিতে ব্যর্থ হলে আবেদনকারীর কাছে রিকোয়েস্ট ফর এভিডেন্স (আরএফই) বা নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই (এনওআইডি) পাঠানো ছাড়াই আবেদন নাকচ করা হতে পারে।

সংস্থাটি জানায়, প্রতিটি অভিবাসন-সুবিধার আবেদনপত্র ও নির্দেশিকায় প্রয়োজনীয় নথির তালিকা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফলে আবেদনকারীদের শুরু থেকেই পূর্ণাঙ্গ আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে।

ইউএসসিআইএসের ভাষ্য, নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) দীর্ঘদিনের নিয়ন্ত্রক ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর ফলে অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা আরও জোরদার হবে এবং ভিত্তিহীন বা অসম্পূর্ণ আবেদন দাখিল করা কঠিন হয়ে পড়বে।

এই নীতির মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় চালু করা একটি নীতিতে পরিবর্তন আনা হয়েছে। ওই নীতিতে আবেদন অসম্পূর্ণ বা প্রয়োজনীয় নথির ঘাটতি থাকলেও তা সরাসরি বাতিল না করে কর্মকর্তাদের আবেদনকারীর কাছে অতিরিক্ত তথ্য চেয়ে আরএফই পাঠাতে উৎসাহিত করা হতো।

ইউএসসিআইএস জানিয়েছে, নতুন নীতিমালা ৫ আগস্ট জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে। বিদ্যমান আইন বা সংস্থার নীতিতে ভিন্ন কিছু উল্লেখ না থাকলে, ২০২৬ সালের ৫ আগস্ট বা এর পর জমা দেওয়া এবং ওই সময় পর্যন্ত বিচারাধীন থাকা সব অভিবাসন-সুবিধার আবেদনের ক্ষেত্রে নতুন এ নিয়ম প্রযোজ্য হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension