
গ্রিন কার্ডে ট্রাম্পের নতুন কড়াকড়ি
সরকারি সুবিধা নিলেই বাড়ছে ঝুঁকি; ‘Public Charge’ নিয়ম কার্যকর, আদালতে নিউইয়র্কসহ একাধিক অঙ্গরাজ্য
শাহ্ জে. চৌধুরী :
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় নতুন করে কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সংশোধিত ‘Public Charge’ নিয়ম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। নতুন ব্যবস্থায় অভিবাসন কর্মকর্তারা আবেদনকারীর সরকারি সুবিধা গ্রহণের বিষয়টি আগের তুলনায় আরও বিস্তৃতভাবে বিবেচনা করতে পারবেন।
নতুন নিয়মে খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা, আবাসনসহ বিভিন্ন সরকারি কর্মসূচির ব্যবহার আবেদনকারীর অভিবাসন-সংক্রান্ত মূল্যায়নে বিবেচনায় আসতে পারে। পাশাপাশি আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, পারিবারিক পরিস্থিতি, আর্থিক সক্ষমতা, শিক্ষা ও দক্ষতার মতো বিষয়ও সামগ্রিক মূল্যায়নের অংশ হতে পারে।
এর আগে ‘Public Charge’ নীতির আওতায় মূলত নির্দিষ্ট নগদ সরকারি সহায়তা এবং দীর্ঘমেয়াদি সরকারি অর্থায়নে প্রাতিষ্ঠানিক পরিচর্যার বিষয় বিবেচনা করা হতো। নতুন নিয়ম সেই মূল্যায়নের পরিধি আরও বিস্তৃত করেছে।
নিউ ইয়র্কসহ অঙ্গরাজ্যগুলোর আদালতে চ্যালেঞ্জ
নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই নিউইয়র্কের নেতৃত্বে একাধিক অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া ফেডারেল আদালতে এর বিরুদ্ধে মামলা করেছে। নিউইয়র্ক সিটিসহ কয়েকটি স্থানীয় সরকারও পৃথকভাবে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে।
মামলাকারীদের দাবি, নতুন নিয়ম অভিবাসন কর্মকর্তাদের ব্যাপক বিবেচনাধিকার দিচ্ছে। এর ফলে সরকারি সহায়তা পাওয়ার আইনগত অধিকার থাকা সত্ত্বেও অনেক অভিবাসী পরিবার প্রয়োজনীয় সুবিধা গ্রহণ থেকে বিরত থাকতে পারে।
মামলায় আরও বলা হয়েছে, নতুন নীতির প্রভাব শুধু আবেদনকারীর নিজের সরকারি সুবিধা গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। পরিবারের সদস্যদের সরকারি সুবিধা গ্রহণের বিষয়ও কিছু ক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নের সময় বিবেচনায় আসতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
প্রশাসনের যুক্তি
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের আবেদনকারীদের নিজেদের আর্থিকভাবে সহায়তা করার সক্ষমতা থাকা উচিত। নতুন নিয়মের মাধ্যমে আবেদনকারীর বর্তমান ও ভবিষ্যৎ আর্থিক পরিস্থিতি আরও বিস্তৃতভাবে মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে।
প্রশাসনের মতে, কোনো একটি সরকারি কর্মসূচি ব্যবহারের বিষয়কে এককভাবে বিবেচনা না করে আবেদনকারীর সামগ্রিক আর্থিক ও পারিবারিক পরিস্থিতি মূল্যায়ন করাই নতুন নীতির উদ্দেশ্য।
অভিবাসী পরিবারে উদ্বেগ
অন্যদিকে অভিবাসন অধিকারকর্মী ও মামলাকারী অঙ্গরাজ্যগুলোর আশঙ্কা, নতুন নীতির কারণে বৈধভাবে সরকারি সহায়তা পাওয়ার যোগ্য পরিবারগুলোও সেই সুবিধা গ্রহণে ভয় পেতে পারে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা ও আবাসন কর্মসূচিতে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
নতুন নিয়ম কার্যকর হওয়ার পর এর বৈধতা নিয়ে আদালতে আইনি লড়াইও শুরু হয়েছে। ফলে গ্রিন কার্ডপ্রত্যাশী অভিবাসী ও তাদের পরিবারের জন্য ‘Public Charge’ নীতি আবারও যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয়ে পরিণত হয়েছে।



