খেলা

অজিদের হারিয়ে ৫০০ মাইলস্টোনে ভারত

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার জামথায় বিরাটদের অজি বধে বিরল মাইলস্টোনে ভারত৷ ওয়ান ডে ক্রিকেটে ৫০০তম ম্যাচ জিতল টিম ইন্ডিয়া৷ ১৯৭৪ থেকে এ পর্যন্ত ৯৬৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারত৷

কমলালেবুর শহরে রুদ্ধশ্বাস লড়াইয়ে অজিদের ৮ রানে হারিয়ে পাঁচ ওয়ান ডে সিরিজে ২-০ এগিয়ে যায় টিম কোহলি৷ ক্যাপ্টেন কোহলির ব্যাটে দুরন্ত সেঞ্চুরির পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ২৪২ রানে বেঁধে রাখে ‘মেন ইন ব্লু’৷ শেষ ওভারে টানটান উত্তেজনায় ম্যাচ বের করে নেয় ভারত৷

এই জয়ের ফলে ৫০০ ওয়ান ডে ম্যাচ জয়ের মাইলস্টোন ছুঁল টিম ইন্ডিয়া৷ ভারত হেরেছে ৪১৪টি ম্যাচ৷ আর টাই হয়েছে ৯টি ম্যাচ৷ অস্ট্রেলিয়ার পর বিশ্বের দ্বিতীয় দল হিসেবে ৫০০ ওয়ান ডে ম্যাচ জয়ের রেকর্ড ভারতেরই৷ টিম ইন্ডিয়ার সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে৷ দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ভারত খেলেছে ১৫৮টি ম্যাচ৷ এছাড়া ১০০টির বেশি ওয়ান ডে খেলেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে৷

বিরাটদের মাইলস্টোন জয়ের পাশাপাশি জামথায় অজিদের বিরুদ্ধে ওয়ান ডে জয়ের রেকর্ড বজায় রাখল ভারত৷ এখানে চারটি ওয়ান ডে-র মধ্যে সব ক’টিতে জিতেছে টিম ইন্ডিয়া৷ রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর ক্যাপ্টেন কোহলি বলেন, ‘এই পিচে ব্যাটিং করা সহজ ছিল না৷ মাথা ঠাণ্ডা রেখে তাই ইনিংসকে এগিয়ে নিয়ে গিয়েছি৷ বিজয় আমার সঙ্গে দারুণ ব্যাট করেছে৷ কেদার ও এমএস দ্রুত আউট হওয়ার চাপ ছিল৷ তখন ঠাণ্ডা মাথায় ব্যাটিং করি৷ তবে দ্বিতীয় ইনিংসে ছেলেদের লড়াইয়ে আমি বেশি গর্বিত৷’

শুরুতে ভারতের বোলিং আশাপ্রদ না-হলেও মিডল-ওভারে স্পিনাররা ভারতকে ম্যাচে ফেরায়৷ দারুণ বোলিং করেন কুলদীপ যাদব ও কেদার যাদব৷ তবে ৪৬তম ওভারে জসপ্রীত বুমরাহের জোড়া উইকেটই ভারতকে ম্যাচে ফেরায়৷ তবে শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ১১ রান৷ হাতে দু’ উইকেট৷ এ অবস্থায় অনভিজ্ঞ বিজয় শঙ্করের হাতে বল তুলে দেন ক্যাপ্টেন কোহলি৷

এ প্রসঙ্গে বিরাট বলেন, ‘আমি ভেবেছিলাম ৪৬তম বিজয়কে ডাকব৷ কিন্তু রোহিত ও এমএস বলে শামি ও বুমরাহকে চালিয়ে যেতে৷ ফলে শেষ ওভারে বিজয়কে দেওয়া ছাড়া কোনও উপায় ছিল না৷ ও দারণ বোলিং করে ম্যাচটা জেতাল৷ বিশ্বকাপের আগে এই রকম একটা রুদ্ধশ্বাস জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে৷’

বোলাররা এদিন ম্যাচ জেতালেও ওয়ান ডে কেরিয়ারে ৪০তম সেঞ্চুরি করে ম্যাচের সেরা হন বিরাট কোহলি৷ ১২০ বলে ১১৬ রানের ইনিংস খেলেন বিরাট৷ পাশাপাশি ক্যাপ্টেন হিসেবে দ্রুততম ৯ হাজার রানের গণ্ডি টপকে যান ভারত অধিনায়ক৷ এদিন ব্যক্তিগত ২২ রানে পৌঁছতেই পন্টিংকে টপকে রেকর্ড গড়েন কোহলি৷ ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে কম ইনিংস খেলে ৯ হাজার রানের মাইলস্টোন টপকে নজির গড়েন বিরাট৷ মাত্র ১৫৯ ইনিংসে এই মাইলস্টোন ছুঁলেন ভারত অধিনায়ক৷ প্রাক্তন অজি অধিনায়ক পন্টিং এই মাইলস্টোন টপকাতে নিয়েছিলেন ২০৩ ইনিংস৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension