প্রধান খবরভারত

অটলের শেষকৃত্যতেও আলোচনা হল সেই মোদীকে নিয়েই

রূপসী বাংলা ডেস্ক:অটলবিহারী বাজপেয়ী৷ বিজেপির বিকাশপুরুষ৷ ৯৩ বছরের এই রাজনৈতিক নেতা অন্তরালে চলে গিয়েছেন বছর দশেক আগেই৷ তার পরও তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ৷ শাসক থেকে বিরোধী, সকলেই শোকপ্রকাশ করেছেন৷ শেষকৃত্যে যোগদান করতে দলে দলে হাজির হয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ হাজির হয়েছেন প্রতিবেশী দেশের প্রতিনিধিরা৷

এতকিছুর মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গেলেন কিন্তু সেই নরেন্দ্র মোদী৷ প্রাক্তনের শেষযাত্রা থেকে শুরু করে অন্তিম সংস্কার৷ প্রায় প্রতিটি মুহূর্তেই ক্যামেরার নজর ছিল বর্তমানের দিকেই৷

আর হবে নাই বা কেন? তিনি আজ যে কাণ্ডটি ঘটিয়েছেন, তা ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন৷ এদিন বিজেপির সদর দফতর থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মরদেহ নিয়ে যাওয়া হয় রাষ্ট্রীয় স্মৃতি স্থলে৷ শেষযাত্রায় অটলজিকে শ্রদ্ধা জানাতে সামিল হন কয়েক লক্ষ মানুষ৷ আর সেই লাখো মানুষের ভিড়ে মিশে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

পার্টি অফিস থেকে স্মৃতি স্থল প্রায় চার কিলোমিটার রাস্তা তিনি হেঁটে পার করলেন৷ শববাহীর গাড়ির ঠিক পিছনে তিনি পদব্রজে এগিয়ে চললেন অগ্রজকে সম্মান জানাতে৷

যা দেখেই অনেকেই অবাক৷ কারণ, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সবসময়ই গুরুত্বপূর্ণ৷ ফলে এতো ভিড়ের মাঝে মোদী নেমে পড়লে বিপদ ঘটনার আশঙ্কাও ছিল৷ কিন্তু তাও তিনি হেঁটেছেন৷

যা দেখে বিজেপির এক কেন্দ্রীয় নেতা বললেন, ‘‘অটলজি মোদীর রাজনৈতিক গুরু৷ অটলজি না থাকলে মোদীর মুখ্যমন্ত্রী হতে পারতেন না৷ সেই কারণেই গুরুকে শ্রদ্ধা জানাতে একজন শিষ্যর যা যা করা উচিত, মোদী তাই করেছেন৷ এতে অবাক হওয়ার কিছু নেই৷’’

যদিও বিরোধীরা কিন্তু সমালোচনা করতে ছাড়ছে না৷ তাদের কটাক্ষ, মোদী সবসময়ই প্রচারের আলোয় থাকতে চান৷ তাই তিনি এই সুযোগ হারাতে চাননি৷ সেই কারণেই তিনি চার কিলোমিটার হেঁটেছেন৷ এটা একটা রাজনৈতিক গিমিক ছাড়া আর কিছুই নয়৷

এর পর শেষকৃত্যের সময় তাঁর এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বসার ধরন নিয়ে বিতর্ক তৈরি হয়৷ একসময় মোদীকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দিকে আর অমিত শাহকে বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণীর দিকে পা তুলে বসে থাকতে দেখা যায়৷

তবে বিতর্ক প্রশংসা যাই হোক, প্রচারের আলো যে মোদীর দিকেই ছিল, তা অস্বীকার করার উপায় কারও নেই৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension