প্রধান খবরবাংলাদেশ

‘অনিবার্য’ কারণে আদালতে আনা হলো না খালেদাকে

রূপসী বাংলা ডেস্ক:জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। বুধবার এ মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়াকে আদালতে না আনায় যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ পিছিয়ে ৫ এপ্রিল নতুন তারিখ ধার্য করেছে বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল আজ। এজন্য খালেদাকে আদালতে হাজির করার নির্দেশ ছিল। তাকে আদালতে হাজির করতে কারাগারে প্রোডাকশন ওয়ারেন্টও পাঠানো হয়েছিল।

বিএনপি প্রধানকে কেন আদালতে হাজির করা হয়নি বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। অসুস্থতার কারণে খালেদাকে আদালতে হাজির করা হয়নি বলে বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশনের স্ক্রল ও অনলাইনে খবর দেয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তেমন কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ঢাকাটাইমসকে জানান, ‘অনিবার্য কারণবশত খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি।’

বিষয়টি সম্পর্কে জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমানকে ফোন করা হলে ঢাকাটাইমসকে তিনি জানান, খালেদাকে আজ আদালতে হাজির করা হয়নি। তাকে কেন হাজির করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, ‘এটা পুলিশই বলতে পারবে।’

এর আগে খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়াকে আদালতে হাজির করা হবে কি না সেটা কারা কর্তৃপক্ষ জানে। তবে আজকে যুক্তি উপস্থাপনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি।

বিএনপি প্রধানকে কারাগার থেকে বিশেষ আদালতে হাজির করতে গত ১৩ মার্চ নির্দেশ দিয়েছিলেন বকশিবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ ৫ নম্বর আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান।

এর আগে ২২ ফেব্রুয়ারি মামলাটিতে দুদকের পক্ষ থেকে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। ওই আবেদনের ওপর ২৬ ফেব্রুয়ারি শুনানি হয়। ওই দিন খালেদা জিয়ার আইনজীবীরা প্রোডাকশন ওয়ারেন্ট জারির বিরোধিতা করেছিলেন। শুনানি শেষে ১৩ মার্চ আদালত খালেদা জিয়াকে হাজিরের এ আদেশ দেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension