
অভিযোগে বাড়ছে ট্রাম্পের সমর্থন: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন
গত বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি হওয়ার পর যুক্তরাষ্ট্রের সুদীর্ঘ ইতিহাস বদলে যায়। এর আগে যুক্তরাষ্ট্রের ২৩৪ বছরের ইতিহাসে দায়িত্বে থাকা অবস্থায় কিংবা ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো মার্কিন প্রেসিডেন্ট অভিযুক্ত হননি। ব্যাবসায়িক ও রাজনৈতিক পর্যায়ে একগুচ্ছ আইনি যাচাই-বাছাইয়ের মুখোমুখি হয়েছেন রিপাবলিকান দলের এই বর্ষীয়ান নেতা। গত বৃহস্পতিবারও লেখক ই জিন ক্যারলের মানহানির মামলায় সাক্ষ্য দিয়েছেন ট্রাম্প।
তবে এত কিছুর পরও আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়নে এগিয়ে আছেন তিনি। শুধু তাই নয়, অভিযোগের পাহাড় যেন ট্রাম্পের জন্য দেখা দিয়েছে শাপেবর হিসেবে। এসব অভিযোগের কারণেই ট্রাম্পের প্রতি উগ্রবাদীদের সমর্থন বেড়েছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিকাগো প্রজেক্ট অন সিকিউরিটি অ্যান্ড থ্রেটসের (সিপিওএসটি) নতুন জরিপে দেখা গেছে, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে পাল্লা দিয়ে তাঁর প্রতি উগ্র সমর্থন বেড়েছে।
একই সঙ্গে গণতান্ত্রিক নিয়মের প্রতি সমর্থন কমেছে। আদালত ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলোর দোহাই দিয়ে নির্বাচনে তাঁর অংশগ্রহণ ঠেকাতে ১৪তম সংশোধনী ব্যবহার করছেন। তবে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে যে সিদ্ধান্তই নিক না কেন, বিষয়টি রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরো হ্রাস করতে পারে বলে সমীক্ষায় দেখা গেছে। এ ব্যাপারে সিপিওএসটি পরিচালক শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট পেপ বলেছেন, গণতান্ত্রিক নিয়মের প্রতি সমর্থন আরো কমেছে।
তিনি বলেন, ‘যখন আপনি ভাববেন যে আপনি একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থায় বাস করছেন, তখন সমাধান হিসেবে হয় রাজনীতি ছেড়ে দেবেন কিংবা সহিংসতায় জড়িয়ে যাবেন।’
সূত্র: দ্য গার্ডিয়ান, পলিটিকো, বিবিসি



