
অরিত্রী আত্মহত্যার ঘটনায় শিক্ষামন্ত্রীর ক্ষোভ, দুটি তদন্ত কমিটি গঠিত
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী আত্মহত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, এ ঘটনা হৃদয়বিদারক। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এসময় তিনি বলেন, একজন শিক্ষার্থী কতটা অপমানিত হলে, কতটা কষ্ট পেলে আত্মহত্যার মত পথ বেছে নেয়। আমি সবার সঙ্গে কথা বলেছি। দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে। শিক্ষার্থী, অভিভাবক ও স্কুলের শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রী কথা বলার এক পর্যায়ে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের তোপের মুখেও পড়েন। এসময় শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন অভিভাবকরা।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান ও অন্যান্য বিষয় বিবেচনা করে এই প্রতিষ্ঠান অভিভাবকদের কাছে অনেক আকর্ষণীয়। তারা তাদের সন্তানদের এখানে ভর্তি করতে চান। ভর্তি নিয়ে এখানে বাণিজ্য হত- এমন অভিযোগ আমাদের কাছে আসার পর আমরা ব্যবস্থা নিয়েছিলাম।
তিনি আরও বলেন, নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর (১৫) আত্মহত্যার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সবার সঙ্গে কথা হয়েছে। তাদের ক্ষোভ ও অভিযোগ শুনেছি। তাদের আশ্বাস দিয়েছি, এ ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে শাস্তি পেতে হবে।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ ইউসুফকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- মাউশির ঢাকা আঞ্চলিক অফিসের উপ-পরিচালক শাখাওয়াত হোসেন ও ঢাকা জেলা শিক্ষা অফিসার বেনজীর আহমেদ। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
একইসঙ্গে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষও ৩ সদস্যের অপর একটি তদন্ত কমিটি গঠন করেছে বলেও জানিয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস।
জানা গেছে, এ ঘটনায় গতকাল ৩ ডিসেম্বর সোমবার রাতে ম্যানেজিং কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার রাজধানীর শান্তিনগর থেকে অরিত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, স্কুলে নকলের অভিযোগে অপমানের জের ধরে সে আত্মহত্যা করেছে। সে ভিকারুননিসায় নবম শ্রেণিতে পড়ত। বিকেলে সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকেরা অরিত্রীকে মৃত ঘোষণা করেন। ওই ছাত্রীর গ্রামের বাড়ি বরগুনা সদরে।



