প্রধান খবরবাংলাদেশ

আজ তরুণদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২৩ নভেম্বর শুক্রবার তরুণদের সঙ্গে মতামত বিনিময় করতে যোগ দিচ্ছেন ‘লেটস টক’ অনুষ্ঠানে । তরুণদের কাছ থেকে দেশ গঠনে তাদের ভর্বিষ্যৎ পরিকল্পনা ও পরামর্শের কথা শুনতে তিনি এই মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।   ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

জানা যায়, ১৬ নভেম্বর অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও পরে তা পিছিয়ে ২৩ নভেম্বর করার সিদ্ধান্ত হয়েছে।  অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বর্তমান প্রজন্মের সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

বাংলাদেশের ইতিহাসে ‘প্রথমবারের মতো’ কোনও প্রধানমন্ত্রী তরুণদের মুখোমুখি হচ্ছেন।  বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা দিতে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার তারুণ্যের সময় নিয়ে নতুন বেশ কিছু তথ্য জানাবেন। এ ছাড়াও প্রধানমন্ত্রী তরুণদের উৎসাহিত করতে নিজের তরুণ বয়সের কিছু কথাও তরুণদের জানাবেন।

মতবিনিময় করতে আজ শুক্রবার অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ১৫০ জন তরুণ।  বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী তরুণরা অংশগ্রহণ করছে এই মতবিনিময় অনুষ্ঠানে।  ভবিষ্যতে উন্নত বাংলাদেশ গড়ায় বিভিন্ন পদক্ষেপ ও বিভিন্ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ পাবেন এই তরুণরা।

এ প্রসঙ্গে সিআরআই-এর নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস বলেন, তরুণরা যাতে দেশের নীতিনির্ধারকদের সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করতে পারেন এবং নিজেদের ভাবনা ও সমস্যাগুলোর কথা তাদের কাছে পৌঁছাতে পারেন সেজন্য সিআরআই নিয়মিত এই আয়োজন করে আসছে। শামস আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় তরুণদের সঙ্গে সংযুক্ত থাকতে চেষ্টা করেন। সেজন্য তিনি তার কাছে আসা সাধারণ মানুষের লেখা চিঠি পড়েন এবং নিয়মিত এগুলোর উত্তর দেন।

তিনি বলেন, বিভিন্ন সময় প্রধানমন্ত্রী একটি উন্নত বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকার ওপর জোর দিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদকে নিয়ে বেশ কয়েকবার ‘লেটস টক’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  কিন্তু এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension