বাংলাদেশ

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ১১ সেপ্টেম্বরের মধ্যে

শান্তিচুক্তি অনুযায়ী ১ মে’র মধ্যে সব মার্কিন সেনার আফগানিস্তান ছাড়ার কথা থাকলেও তা পিছিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

টুইন-টাওয়ারে হামলার দিন তথা ১১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাবে বলে নতুন সময়সীমার কথা জানান তিনি।

আলজাজিরা জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে তালেবানের স্বাক্ষরিত শান্তিচুক্তি অনুযায়ী ১ মে আফগানিস্তান থেকে বাকি আড়াই হাজার মার্কিন সেনাকে প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল।

তবে ক্ষমতায় আসার পর ওই চুক্তি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন। প্রতিক্রিয়ায় চুক্তির বেঁধে দেওয়া সময়সীমা পার হলে বিদেশি সেনাদের ওপর হামলার ঘোষণা দিয়েছিল তালেবান।

অবশ্য ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে চুক্তি বাস্তবায়ন নিয়ে তালেবানের দুশ্চিন্তা কিছুটা কমাতে চেয়েছেন বাইডেন। সেনা প্রত্যাহারের নতুন সময়সীমা আর পরিবর্তন হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তার প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এই কর্মকর্তা বলেন, ‘কঠিন এক নীতি পুনর্মূল্যায়নের পর প্রেসিডেন্ট বাইডেন আফগানিস্তান থেকে বাকি সেনা প্রত্যাহার এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের ২০ বছরের যুদ্ধ সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছেন।’

এদিকে সেনা প্রত্যাহার নিয়ে বাইডেন প্রশাসনের নতুন সিদ্ধান্তের বিষয়ে এখন পর্যন্ত তালেবানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বর্তমানে আফগানিস্তানে আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে। ২০০১ সালে দেশটিতে সামরিক অভিযান শুরুর সময় এই সংখ্যা ছিল ১ লাখ। এই যুদ্ধে ২ হাজার ৪০০ মার্কিন সেনা নিহত হন। আহত হন আরও কয়েক হাজার।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension