
আবরার সেদিন পানি চেয়েও পান নি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পৈশাচিক কায়দায় নির্যাতন করে হত্যা করা হয়। শিবির সন্দেহে বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে তাঁকে আটকে রেখে জিজ্ঞাসাবাদের নামে দফায় দফায় ক্রিকেট স্টাম্প ও স্কিপিং রোপ দিয়ে আঘাত করেন আসামিরা। সব থেকে বেশি আঘাত করেন, বুয়েটের ছাত্র অনিক সরকার। আদালতের কাছে নিজেই স্বীকার করেন, ক্রিকেট স্টাম্প দিয়ে আবরারের শরীরে শতাধিক আঘাত করেছিলেন। আরেক আসামি মুজাহিদুর রহমান আদালতে বলেন, নির্যাতনের একপর্যায়ে আবরার প্রস্রাব ও বমি করেন। বাঁচার জন্য কাকুতি-মিনতি করেছিলেন। তিনি পানি পান করতে চেয়েছিলেন। একজন আবরারকে পানি দিতে গেলে তখন অনিক খেপে গিয়ে তাঁকেও মারার হুমকি দেন।
২ বছর আগে ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। তা আমলে নিয়ে গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিদের মধ্যে ২২ জন কারাগারে রয়েছেন। পলাতক তিনজন।
এই হত্যা মামলার রায় আজ বুধবার ঘোষণা করা হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
আবরারকে হত্যার দায় স্বীকার করে আটজনের দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে, তাঁকে কত নিষ্ঠুরভাবে নির্যাতন করে হত্যা করা হয়।



