
যুক্তরাষ্ট্র
আবার যুক্তরাষ্ট্রের আকাশে উড়ন্ত বস্তু, ভূপাতিত করল সেনারা
আবার আকাশ থেকে অজ্ঞাত উড়ন্ত বস্তু ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। চলতি মাসে এ নিয়ে চতুর্থবারের মতো উত্তর আমেরিকার আকাশসীমায় অজ্ঞাত বস্তু ভূপাতিত করেছে দেশটি। বার্তা সংস্থা বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এমনটা জানা যায়।
রোববার দুপুরে লেক হুরনের কাছে এটিকে ভূপাতিত করা হয় বলে জানায় মার্কিন সামরিক সদরদপ্তর পেন্টাগন। প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে এমনটা করা হয়। বলা হয়েছে, বস্তুটি বাণিজ্যিক আকাশসীমায় প্রবেশ করার সম্ভাবনা ছিল। এটি ২০ হাজার ফুট ওপর দিয়ে উড়ছিল বলে জানায় পেন্টাগন। বস্তুটি সর্বপ্রথম শনিবার মন্টানার একটি সামরিক ঘাঁটির ওপর দিয়ে উড়তে দেখা যায়।
সামরিক কর্মকর্তারা জানান, বস্তুটিকে সামরিক হুমকি হিসেবে গণ্য করা হয়নি। স্থানীয় সময় দুপুর ১:৪২ টায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দ্বারা এটিকে ভূপাতিত করা হয়।



