
‘আমরা গাড়ি চালাইবার চাই, সমিতিই না করে’
রূপসী বাংলা ডেস্ক:কয়েকদিন ধরে গাড়ি না চলায় বেকার হয়ে পড়েছেন আয়নাল হক (৫০)। ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে চলাচলকারী এম.কে.সুপার পরিবহনের চালক তিনি। বাসের চাকা না ঘুরায় ভাত নেই তার পেটে। হাহাকার তৈরি হয়েছে পরিবারেও। দিন কাটছে নিদারুণ কষ্টে।
বেজার মুখ নিয়ে অন্য শ্রমিকদের সঙ্গে আলাপ করছেন। সেই আড্ডায় যোগ দিয়ে বাস চালাচ্ছেন না কেন, জানতে চাইলে প্রবীণ এই চালক বাংলানিউজকে বলেন, ‘আমরা চালকরা বাস তো চালাইবার চাইই। সমিতির নেতারা না করে। তারা অর্ডার না দিলে তো চাকা ঘুরবো না।’
অ্যাম্বুলেন্স-বিদেশগামী যাত্রী কাউকে ছাড়েনি শ্রমিকরা
শনিবার (৪ আগস্ট) বিকেলে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় বাসস্ট্যান্ডে বসে আলাপ হচ্ছিল এই পরিবহন চালকের সঙ্গে। শিক্ষার্থীদের আন্দোলনের জেরে নিরাপত্তার অজুহাতে ময়মনসিংহ-ঢাকা, কিশোরগঞ্জ, শেরপুর মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়কেও বন্ধ রয়েছে বাস চলাচল। ফলে আর্থিক দৈন্যতায় ভুগছেন পরিবহনের চালক ও শ্রমিকরা।
নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ের এ বাসস্ট্যান্ড থেকে শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ কয়েক জেলার যানবাহন চলে। আর এই স্ট্যান্ডেই গত ১০ বছর যাবৎ বাস চালাচ্ছেন আয়নাল। তিনি বলেন, ‘বাসের চাকা ঘুরলে প্রতিদিন ৪শ’ থেকে ৫শ’ টাকা পাইতাম। অহন চাকা বন্ধ, ইনকামও বন্ধ। ধার-কর্জা কইরা চলতে অইতাছে।’
আয়নালের সঙ্গে কথা শেষ করে বাসস্ট্যান্ডটির একটি টিকিট কাউন্টারের সামনে বসা জনাকয়েক পরিবহন শ্রমিকের সঙ্গেও কথা হয়। তাদেরই একজন মিলন সরকার। তিনি ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে চলাচলকারী মহুয়া সার্ভিসের বুকিং মাস্টার।
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যেভাবে আমাদের ওপর চড়াও হইছে, তাতে আমরা নিরাপদ বোধ করছি না। এই কারণেই তো যানবাহন চলাচল বন্ধ রয়েছে।’
কার নির্দেশে আপনারা পরিবহন ধর্মঘট করছেন এমন প্রশ্নের উত্তরে বললেন, ‘আমাদের নেতা নৌ পরিবহন মন্ত্রী। তিনি নির্দেশ দিয়েছেন গাড়ি চলবো না। আমরা গাড়ি বন্ধ রাখছি।’
এরপর কথা ঘুরিয়ে মিলন সরকার বলেন, ‘আসলে সব মালিকরা চায় না চরম শঙ্কা নিয়ে গাড়ি চালাইতে। ফলে সমিতি গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে।’
সরেজমিনে এই বাসস্ট্যান্ডে ঘুরে দেখা গেলো, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ বিভিন্ন সড়কে চলাচলকারী প্রায় দেড় শতাধিক গাড়ি বাসস্ট্যান্ডে অবস্থান করছে। বেশিরভাগ বাসেই চালক-হেলপার নেই। তারা বাস বন্ধ রেখে নিজ নিজ বাড়িতে চলে গেছেন। আবার গুটিকয়েক শ্রমিক চায়ের দোকানে বসে কথাবার্তা বলে সময় কাটাচ্ছেন।
আরও জানা গেছে, এসব পরিবহনের অনেক বাসই লক্করঝক্কর সার্ভিস। কোনো কোনো পরিবহনের গ্লাস ভাঙা। দুমড়ানো-মুচড়ানো বডি, রঙ ওঠে একেবারেই বিবর্ণ। বাসের চেহারাই বলে দিচ্ছে ভোগান্তি আর দুর্ভোগ সঙ্গী করেই এসব বাসে পথ চলতে হয় যাত্রীদের।
এদিকে, পরিবহন ধর্মঘট চলায় অশেষ দুর্ভোগ নেমে এসেছে ময়মনসিংহ নগরী থেকে নিয়মিত চলাচলকারী যাত্রীদের। অনেকে অতিরিক্ত ভাড়ায় এই বাসস্ট্যান্ডের ঠিক সামনেই সিএনজিচালিত অটোরিকশা ও মাহেন্দ্রতে (থ্রি হুইলার) সওয়ার হয়ে গন্তব্যে ছুটছেন।
বুধবার (১ আগস্ট) রাতে ময়মনসিংহ অঞ্চলের সব রুটের ঢাকামুখী বাস চলাচল বন্ধ করে দেয় জেলা পরিবহন মোটর মালিক সমিতি। তবে শনিবার (৪ আগস্ট) থেকে অভ্যন্তরীণ সব রুটেও বাস চলাচল বন্ধ রেখেছেন সমিতির নেতারা।



