প্রধান খবরবাংলাদেশশিক্ষা

আসাদগেটে সংঘর্ষে রেসিডেন্সিয়ালের শিক্ষার্থী নিহত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতায় রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম ফারহান ফাইয়াজ। সে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এ নিয়ে বৃহস্পতিবার রাজধানীজুড়ে সহিংসতায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে উত্তরার আজমপুরে আন্দোলনকারী–শিক্ষার্থী সংঘর্ষে ৪ জন নিহত হয়। এতে এই আন্দোলনকে ঘিরে গত কয়দিনে মোট ১২ জনের মৃত্যু হলো।

ফারহান ফাইয়াজের বন্ধুরা জানায়, সকাল থেকে ধানমন্ডি ২৭ নম্বর ও আসাদগেটের মধ্যবর্তী আড়ংয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ গুলি ছুড়লে আহত হয় ফাইয়াজ। পরে তাকে ধানমন্ডি সিটি হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

পরে সিটি হাসপাতাল থেকে ফাইয়াজের মরদেহ নিয়ে যায় তার পরিবারের সদস্যরা।

এদিকে বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে মেরুল বাড্ডা এলাকা হয়ে ওঠে রণক্ষেত্রে। সকাল ১০টার কিছু সময় পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশও বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান নেয়। সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করলে বাঁধা দেয় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।

তবে এসব ঘটনার পর মেরুল বাড্ডা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে।

এ সময় একই এলাকায় অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটির ভবনে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা কীভাবে ভবনটি আগুন দিয়েছে তা জানা যায়নি।

দুপুরের পর রামপুরায় বেটার লাইফ হাসপাতালের সামনে একটি পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। একই সময় রামপুরার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবনে হামলা চালিয়েছে কোটা আন্দোলনকারীরা। দুপুর ৩টার পরে আন্দোলনকারীরা বিটিভি ভবনের মূল ফটক ভেঙে প্রবেশ করে। এ সময় ভেতরে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

বিটিভির একজন সংবাদকর্মী ইনডিপেনডেন্ট টেলিভিশনকে জানান, হঠাৎ করে শিক্ষার্থীরা ভবনে প্রবেশ করে। এ সময় পার্কিংয়ে থাকা গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়াও ভবনের ক্যান্টিন এবং রিসিপশনে আগুন দেওয়া হয়। এখনও আন্দোলনকারীরা বিটিভির ভেতরে অবস্থান করছেন।

এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে আটকে পড়া পুলিশ সদস্যদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুটি হেলিকপ্টারে করে কয়েকজন পুলিশ সদস্যকে উদ্ধার করতে দেখা যায়।

সকাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে পুলিশের সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে আশ্রয় নেন।

দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউনকে’ কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বুধবার রাতেই মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন আনসার সদস্য।

এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আন্দোলনকারীদের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কোটা সংস্কারের ব্যাপারে আমরা নীতিগতভাবে একমত। সরকার কোটা সংস্কারের পক্ষে। আন্দোলনকারীদের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের সাথে আজই বসতে রাজি আমরা।’

এ সময় সহিংসতা বন্ধ করে আন্দোলন প্রত্যাহার করতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।

ইনডিপেনডেন্ট টেলিভিশন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension