প্রধান খবরবাংলাদেশ

আসাম নিয়ে হাসিনাকে আশ্বাস মোদির

রূপসী বাংলা ডেস্ক: আসামে নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়াদের বাংলাদেশে ঠেলে দেয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার সন্ধ্যায় নেপালের কাঠমান্ডুতে বিমসটেক সম্মেলনের পাশে দ্বিপাক্ষিক আলোচনায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আশ্বাস দেন বলে খবর দিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

এতে বলা হয়েছে, বছরের শেষে বাংলাদেশে জাতীয় নির্বাচন। তার আগে সম্ভবত শেষবারের জন্য মুখোমুখি বৈঠকে বসলেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।

বৈঠক সূত্রের খবর, উপমহাদেশের এই দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। তবে বেশি গুরুত্ব পেয়েছে আসামের নাগরিক পঞ্জি থেকে বাদ পড়ে শরণার্থী হয়ে পড়াদের নিয়ে। কারণ, রাজ্য সরকারের দাবি, এসব শরণার্থী বাংলাদেশ থেকে এসেছে। এর বাইরে রোহিঙ্গা সংকট নিয়েও ইঙ্গিতপূর্ণ আলোচনা করেছেন দু’নেতা।

বৈঠকে মোদি আসামের নাগরিক পঞ্জি নিয়ে আশ্বাস দিয়েছেন শেখ হাসিনাকে। জানিয়েছেন, নির্বাচনের মুখে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হয়ে যাক, সেটা আদৌ ভারতের কাম্য নয়। আসামে চিহ্নিত হওয়া শরণার্থী এবং অনুপ্রবেশকারীদের ভারত যে বাংলাদেশে ফেরত পাঠাবে না, শেখ হাসিনা এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।

আর রোহিঙ্গা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য ঢাকাকে দ্বারে দ্বারে ঘুরতে হবে না। নয়াদিল্লি এই সমস্যায় সর্বতোভাবে ঢাকার পাশে রয়েছে। মিয়ানমারের সঙ্গে এই নিয়ে দূতিয়ালি যেমন চলছে, পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সামগ্রীও পাঠানো চলছে। অদূর ভবিষ্যতে এই সাহায্যের বহর আরো বাড়ানো হবে। আবার মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের জন্য নিরাপদ আবাসও গড়ে দিচ্ছে দিল্লি।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ নিয়েও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইতিবাচক বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি।

আনন্দবাজার পত্রিকার ভাষ্যে, বাংলাদেশ সূত্রে জানানো হয়েছে, স্বাধীনতার পর থেকে সে দেশের উন্নয়নে ভারতের ভূমিকার কথা আজ উল্লেখ করেছেন শেখ হাসিনা। এজন্য মোদিকে ধন্যবাদও দিয়েছেন তিনি।

দু’দেশের পারস্পরিক উন্নয়নের জন্য সহযোগিতার কথা বলা হয়েছে বৈঠকে। দুই প্রতিবেশী দেশের বোঝাপড়া বাড়াতে মোদি-হাসিনার এই বৈঠককে গুরুত্ব দিচ্ছেন কূটনীতিকেরা।

নানা বিষয়ে বেশ কিছুটা তেতে রয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতি। ভারতে আসামের চলতি এনআরসি বিতর্কের আঁচ ঢাকাতেও পড়েছে।

বাংলাদেশে বিষয়টি নিয়ে ভারতবিরোধী সুরও চড়া হচ্ছে। ভারতের পক্ষে এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, শাসক দল আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ বিভিন্ন স্তরের বাংলাদেশি প্রতিনিধিদের জানানো হয়েছিল, অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। বিসমটেক সম্মেলনের ফাঁকে দু’নেতার বৈঠকে শীর্ষ পর্যায়েও একই বার্তা বাংলাদেশকে দিল ভারত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension