
ইউএনওদের ব্যক্তিগত নিরাপত্তায় ১০ জন আনসার
রংপুর বিভাগের ৮টি জেলার ৫৮টি উপজেলার ইউএনও’দের নিরাপত্তা নিশ্চিতে ১০ জন করে আনসার মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন ওয়াহিদা খানমকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাসভবনের নিরাপত্তায় আনসার ব্যাটালিয়ন নিয়োগের সিদ্ধান্ত নিতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী সপ্তাহের মধ্যে যাতে আনসার-ব্যাটালিয়ন নিয়োগ করা যায় সেটি নিশ্চিত করতেই সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন।
বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত আনুমানিক রাত দুইটা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে কে বা কারা হাতুড়ি দিয়ে হামলা চালায় ইউএনও ওয়াহিদা খাতুনের ওপর। তার চিৎকারে বাবা ওমর আলী পাশের ঘর থেকে ছুটে এলে তাকেও পিটিয়ে জখম করা হয়।
জানা যায়, হামলাকারীরা পিপিই পরা ছিল।
আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় রংপুর মেডিকেলে। ওয়াহিদার অবস্থার অবনতি হলে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকের আইসিইউতে নেয়া হয়। কিন্তু উন্নতি না হওয়ায়; এয়ার অ্যাম্বুলেন্সে আনা হয় ঢাকার নিউরো সাইন্সেস হাসপাতালে।
এমন পরিস্থিতিতে রংপুর বিভাগের ইউএনওদের নিরাপত্তা নিশ্চিতে আনসার মোতায়েন সিদ্ধান্ত নিয়েছে সরকার।❐



