আন্তর্জাতিক

ইউক্রেনের ডনবাস দখল করতে রাশিয়ার হামলা

ইউক্রেনের ডনবাস দখলে হামলা শুরু করেছে রাশিয়া। এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি। এক ভিডিওবার্তায় তিনি জানান, রকেট ও আর্টিলারি দিয়ে উপত্যকার বিভিন্ন শহরের ওপর বোমা হামলা করছে মস্কো কর্তৃপক্ষ। কিয়েভ দখলে ব্যর্থতার পর এ হামলার বিষয়ে বেশ কয়েকদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল। খবর বিবিসির।

যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইউক্রেনের বড় শহরগুলোর নিয়ন্ত্রণ ও দেশটির সরকার উৎখাতের পরিকল্পনা করেছিল রাশিয়া। কিন্তু ইউক্রেনের শক্ত প্রতিরোধের সম্মুখীন হয়ে রুশ প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ‘অভিযানের প্রথম ধাপ’ শেষ হয়েছে। এখন রাজধানী কিয়েভের আশপাশে থাকা রুশ সেনাদের সরিয়ে নেয়া হচ্ছে। সেসময় রাশিয়া ঘোষণা করে, তাদের মনোযোগ থাকবে ডনবাস উপত্যকার দিকে।

ধারণা করা হচ্ছে, এ উপত্যকায় যুদ্ধ দীর্ঘ দিন ধরে চলবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে বলেন, ইউক্রেনের এ প্রাচীন শিল্পাঞ্চলকে ‘মুক্ত’ করতে হবে। এদিকে, সোমবার ইউক্রেনের বেশ কয়েকটি শহরের ওপর বোমা হামলা করেছে। পশ্চিমের লভিভ হামলায় অন্তত সাতজন ও উত্তরের খারকিভ শহরে অন্তত দুইজন বেসামরিক লোক নিহত হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হামলার বিষয়ে সতর্ক করতে প্রায় সবসময়ই ইউক্রেনের বিভিন্ন শহরে যুদ্ধের সাইরেন বাজছে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সামরিক বাহিনী ইউক্রেনের ভেতরে মোট ৩১৫টি লক্ষ্যবস্তুর ওপর আঘাত হেনেছে।

উত্তরের খারকিভ এবং দক্ষিণের বন্দরনগরী ওডেসার কাছাকাছি মিকোলায়েভের ওপরও আক্রমণ হয়েছে। পূর্বাঞ্চলীয় ডনবাস উপত্যকার ওপর পূর্ণমাত্রায় হামলা চালানোর আগে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে দুর্বল করার চেষ্টা করছে রাশিয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension