ইউক্রেন ছেড়েছে ৪০ লাখ শরণার্থী: ইউএনএইচসিআর
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪০ লাখের বেশি মানুষ দেশ ছেড়ে শরণার্থী হিসেবে অন্য দেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর)। সংস্থাটির মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সবচেয়ে বড় শরণার্থী সংকট। খবর এপি।
ইউএনএইচসিআরের ওয়েবসাইটে শরণার্থীদের নতুন সংখ্যা প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইউক্রেন থেকে ২৩ লাখ শরণার্থী পোল্যান্ডে পৌঁছেছেন। বাকিরা অন্যান্য দেশে আশ্রয় নিয়েছেন অথবা দেশে ফিরে গেছেন।
সাহায্য কর্মীরা জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতি উন্নতি দিকে যাওয়ায় সম্প্রতি শরণার্থীদের সংখ্যা অনেকটাই কমে এসেছে। তবে প্রায় ৬৫ লাখ মানুষ নিজেদের বাড়িঘর ত্যাগ করে দেশের মধ্যেই অন্য যায়গায় আশ্রয় নিয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ছয় লাখের বেশি শরণার্থী রোমানিয়ায়, তিন লাখ ৮৭ হাজারের বেশি মোলডোভায় এবং প্রায় তিন লাখ ৬৪ হাজার শরণার্থী হাঙ্গেরিতে প্রবেশ করেছে।
জাতিসংঘের শরণার্থী হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি টুইটারে বলেন, রাশিয়ার আক্রমণের ৫ সপ্তাহ পর ইউক্রেনের শরণার্থীদের সংখ্যা এখন ৪০ লাখ।
সম্প্রতি সীমান্ত পেরিয়ে ইউক্রেনে প্রবেশ করেছেন গ্রান্ডি। তিনি জানান, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে অবস্থান করবেন এবং ‘এই অর্থহীন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ও গৃহত্যাগ করা মানুষের’ জন্য সহায়তা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন তিনি।
দেশত্যাগ করা ইউক্রেনীয়দের সুরক্ষা, জরুরি আশ্রয়, অর্থ ও ত্রাণ সহায়তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সহায়তা দিতে যুদ্ধের শুরু থেকেই কাজ করছে ইউএনসিএইচআরের বিভিন্ন দল।



