
আন্তর্জাতিক
ইতালি যেতে গিয়ে সাগরে ডুবে বহু বাংলাদেশির মৃত্যু
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরে নৌকাডুবি৷ তাতে ৬০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ মৃতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশের নাগরিক৷ এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর৷ বিবিসি নিউজ বাংলা জানাচ্ছে এই খবর৷
বৃহস্পতিবার গভীর রাতে লিবিয়ার উপকূল থেকে ৭৫ জন অভিবাসীর একটি দল বড় নৌকা করে ইতালির উদ্দেশ্যে পাড়ি দেয়৷ গভীর সাগরে তাদের বড় নৌকা থেকে ছোট নৌকায় তোলা হয়৷ সেই সময় ঘটে দুর্ঘটনাটি৷ রাবারের তৈরি নৌকাটি ১০ মিনিটের মধ্যে ডুবে যায়৷
তিউনিসিয়ার জেলেরা ১৬ জনকে উদ্ধার করে শনিবার সকালে তীরে নিয়ে আসে৷ তাদের মধ্যে একজন অভিবাসী অভিজ্ঞতার কথা বর্ণনা করে জানান, মাঝ সমুদ্রে ঠাণ্ডা জলে তারা আট ঘণ্টা ভেসে ছিলেন৷ জানা গিয়েছে, উদ্ধার হওয়া ১৬ জনের মধ্যে ১৪ জনই বাংলাদেশি৷



