
ইতিহাস ট্রাম্পকে ‘দায়ী’ করবে : মাইক পেন্স
২০২১ সালের ক্যাপিটল হিল আক্রমণের জন্য ইতিহাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করবে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ট্রাম্পের সঙ্গে একসময় তার ভালো সম্পর্ক থাকলেও এখন আর তা নেই।
শনিবার (১১ মার্চ) ওয়াশিংটন ডিসিতে বার্ষিক গ্রিডিরন নৈশভোজে বক্তব্য রাখার সময় পেন্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভুল ছিলেন। আমার নির্বাচনী ফলাফল উল্টে দেওয়ার তার কোনো অধিকার ছিল না। তার বেপরোয়া আচরণ আমার পরিবারকে এবং সেদিন ক্যাপিটল হিলে যারা ছিল তাদেরকে বিপদের মুখে ফেলেছিল। এবং আমি জানি যে, ইতিহাস ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করবে।
পেন্সের এ মন্তব্যের জেরে ট্রাম্পের সঙ্গে তার বিরোধ আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আলজাজিরা। ২০২০ সালে ট্রাম্পের মার্কিন নির্বাচনী ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা নিয়ে তার সঙ্গে যে বিরোধ তৈরি হয়েছিল, তাদের মধ্যে তা এখনও অব্যাহত।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে তাণ্ডব চালানো কয়েক হাজার ব্যক্তির মধ্যে অনেকে পেন্সের ফাঁসি চেয়ে স্লোগান দিয়েছিলেন। বাধ্য হয়ে তাকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছিল। যেসময় ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল ভবনে তাণ্ডব চালায়, সেসময় সেখানেই উপস্থিত ছিলেন পেন্স।
আগামী ২০২৪ সালে মার্কিন নির্বাচনে লড়বেন বলে আগভাগেই জানিয়ে রেখেছেন ট্রাম্প। এদিকে, রিপাবলিকান মনোনয়নের জন্য তার বিরুদ্ধে দাঁড়াতে পারেন বলে জানিয়েছেন পেন্স।
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রকাশ্যে সেভাবে ক্যাপিটল হিলের ঘটনা নিয়ে মন্তব্য করেননি এত দিন। কিন্তু সাম্প্রতিক সময়ে এ বিষয়ে সরব ভূমিকায় দেখা যাচ্ছে তাকে।
ওইদিন প্রসঙ্গে পেন্স বলেন, সেদিন যা হয়েছিল তা মর্যাদাহানিকর ছিল এবং এটিকে অন্যভাবে দেখার চেষ্টা গোটা বিষয়টির শালীনতার প্রতি উপহাসস্বরূপ। আমি যত দিন বাঁচব, আমি কখনও ওই আঘাত, প্রাণহানির ঘটনা এবং মর্মান্তিক সেদিনের আইনশৃঙ্খলা বাহিনীর বীরত্বের কথা ভুলব না।
সূত্র : আলজাজিরা



