আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

‘ইরানের কল পেতে টেলিফোন নিয়ে বসে আছেন ট্রাম্প’

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইরানের কাছ থেকে ফোনকলের আশায় টেলিফোন সেট সামনে নিয়ে বসে আছে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের সঙ্গে সরাসরি কথা বলার যে আগ্রহ প্রকাশ করেছেন সে ব্যাপারে ইরানের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা শুক্রবার সাংবাদিকদের একটি ছোট দলের সঙ্গে আলাপকালে বলেন, ‘এখনো ইরানের পক্ষ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি কিন্তু তা সত্ত্বেও আমরা টেলিফোন সেটের সামনে অপেক্ষা করছি।’

গত বছর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ও ৬ জাতির মধ্যে সম্পাদিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করেন। এ নিয়ে দু দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় গত ৯ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করার জন্য ইরানের প্রতি আহ্বান জানান। একই দিন মার্কিন নিউজ চ্যানেল সিএনএন জানায়, সুইস দূতাবাসের মাধ্যমে ইরানের কাছে ট্রাম্পের একটি টেলিফোন নম্বরও হস্তান্তর করা হয়েছে যাতে তেহরান সরাসরি ওই নম্বরে যোগাযোগ করতে পারে।

যদিও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দু’দেশের সুইস দূতাবাস পরস্পরের দেশে আমেরিকা ও ইরানের স্বার্থ দেখাশুনা করে।

ট্রাম্প ইরানের সঙ্গে টেলিফোনে কথা বলার আগ্রহ প্রকাশ করার চারদিন আগে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সম্পর্কে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, ইরানকে ‘স্পষ্ট ও নির্ভুল বার্তা’দেয়ার জন্য ওই রণতরী পাঠানো হয়েছে।

তবে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার জানিয়েছে, ইরানের সঙ্গে সামরিক সংঘাত এড়িয়ে চলার জন্য মার্কিন প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র: রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension