
ইসরায়েলকে ট্যাংকের গোলা দেওয়ার কথা বিবেচনা করছে জার্মানি
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মধ্যেই দখলদার সেনাদেরকে ট্যাংকের গোলা দেয়ার কথা বিবেচনা করছে জার্মানি। দেশটির প্রভাবশালী ম্যাগাজিন ডের স্পিগেল এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। গাজায় গণহত্যা শুরুর প্রথম থেকেই জার্মানি তেল আবিবকে সমর্থন দিয়ে আসছে। খবর আনাদুলুর।
খবরে বলা হয়েছে, গত নভেম্বর মাসে ইসরায়েল কামানে ব্যবহারের জন্য ১২০ মিলিমিটার প্রস্থের ১০ হাজার গোলা সরবরাহের জন্য জার্মানিকে অনুরোধ করে। এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ নীতিগতভাবে ইসরাইলের সাথে একমত হয়েছে এবং তারা দখলদার সরকারের অনুরোধ রক্ষা করবে।
জার্মানিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন প্রসর এরইমধ্যে জার্মান সরকারকে অকুন্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি ডের স্পিগেলকে বলেন, ৭ অক্টোবর থেকেই জার্মানি ইসরায়েলের পাশে দ্ব্যর্থহীনভাবে দাঁড়িয়েছে এবং তারা অকুন্ঠ সমর্থন প্রকাশ করেছে। ইসরায়েল এজন্য জার্মানিকে ধন্যবাদ জানায়।
জার্মানি ছাড়াও নভেম্বর মাসে ইসরায়েল আরও কয়েকটি সরকারকে অস্ত্র সরবরাহের অনুরোধ জানায়। এতে সাড়া দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত গতিতে দুই দফায় প্রায় ২৪ হাজার ট্যাংকের গোলা পাঠিয়েছেন।
ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের বর্বর হামলা অব্যাহত রয়েছে। আজ (বুধবার) ভোররাতে ফিলিস্তিনের বিভিন্নন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজায় বিমান হামলায় নিহত হয়েছেন আরও ১৩ ফিলিস্তিনি।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে বুধবার ভোররাতে খান ইউনুসের পশ্চিমে ইসরাইলি সেনারা ওই হামলা চালায়। হামলায় আরও বহু ফিলিস্তিনি আহত হয়েছে।



