প্রধান খবরবাংলাদেশ

ইসির অনুমোদন ছাড়া বিদেশি পর্যবেক্ষকদের ভিসা নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্বাচন কমিশনের অ্যাক্রিডিটেশন (অনুমতি) ছাড়া বিদেশি কোনো পর্যবেক্ষক বা সাংবাদিককে ভিসা না দিতে মিশনগুলোকে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২০ ডিসেম্বর) বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোকে এই নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন দেশের দেড় শতাধিক পর্যবেক্ষক ও ৭১ জন সাংবাদিক ইসিতে আবেদন করেছেন। এর মধ্যে বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে যেমন আবেদন করা হয়েছে; পাশাপাশি ব্যক্তিগতভাবেও কেউ কেউ আবেদন করেছেন। আবেদনগুলো এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেটিং (যাচাই) করছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে তালিকা চূড়ান্ত হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বিভিন্ন দেশের বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসিতে আবেদন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আবেদনগুলো যাচাই করছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের অ্যাক্রিডিটেশন দেওয়া হবে। অ্যাক্রিডিটেশন ছাড়া কাউকে পর্যবেক্ষক হিসেবে ভিসা না দিতে বলা হয়েছে।

যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান অ্যাক্রিডিটেশন পাবে, তাদের তালিকা যথাসময়ে মিশনগুলোতে পাঠানো হবে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়। মিশনগুলোতে এই চিঠি পাঠানোর বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

বিদেশি পর্যবেক্ষকদের জন্য করা ইসির নীতিমালা অনুযায়ী, কোনো বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে প্রথমে ইসির কাছে আবেদন করতে হয়। ইসি সে আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়পত্রের জন্য পাঠিয়ে দেয় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ছাড়পত্র পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। নির্বাচন কমিশনেও তার অনুলিপি পাঠানো হয়। এর ভিত্তিতে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেয় ইসি।

অন্যদিকে ভিসার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। নীতিমালায় বলা আছে, নির্বাচন কমিশন সচিবালয় থেকে পর্যবেক্ষকেরা তাদের অ্যাক্রিডিটেশন কার্ড ও গাড়ির স্টিকার সংগ্রহ করবেন।

এদিকে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বুধবার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ‘দেশের ইতিহাসে এবারই সর্বোচ্চসংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছেন। যারা ভিসা ছাড়া পর্যবেক্ষণে আসবেন, তারা এলেই আমরা ভিসা দিয়ে দেব।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension