
প্রতিটি মানুষের আছে জীবন্ত জ্বালামুখ,
কেহ ধারণ করে কালের কৃষ্ণগহ্বর
কেহ উগরে দেয় গলিত আগুন অন্ধকার।
তথাপি কিছু কিছু ব্যক্তিগত গোপনীয়তা
গোপন থাকাই ভালো;
শরীরের অপার আঁধারে
সাবালক সূর্যের রোদ যদি না পৌঁছায়
তবে ক্ষতি নেই।
প্রতিটি মানুষের আছে জীবন্ত জ্বালামুখ,
বেদনার নদী আছে
আছে সুখের সাগর।
প্রতিটি প্রভাতে দর্পণ দেখি,
তবুও আমরা দেখি না সময়ের সংযোগ;
যদিও গাণিতিক সংখ্যায় মাপি
ভালোবাসার ভীষণ ভূগোল,
এবং শুনি মৃত্যুর মুখোশ পরা
জীবনের গান;
হয়তো আমরা অমায়িক অর্বাচীন আদম!
প্রতিটি মানুষের আছে জীবন্ত জ্বালামুখ,
কামনার কুৎসিত কালকূট
চাষ করে সাধারণ সংসারে আদিম আপেল;
এবং মানুষের মন যেন
পারমাণবিক প্রতিহিংসার প্রতিচ্ছবি।
প্রতিটি মানুষের আছে ভয়ানক ভিসুভিয়াস!



