ইসির প্রজ্ঞাপন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ এই প্রজ্ঞাপন জারি করেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃনির্ধারিত তফসিল প্রজ্ঞাপন আকারে জারি করা হয়। এই প্রজ্ঞাপন অনুযায়ী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর উদ্ভোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এসময় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, যুগ্ম-সচিব মো. আসাদুজ্জামানসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।
এর আগে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টসহ বিভিন্ন জোটের দাবির প্রেক্ষিতে ভোট এক সপ্তাহ পিছিয়ে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তফসিল অনুযায়ী ভোটগ্রহণ ২৩ ডিসেম্বরের পরিবর্তে অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। আর মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২৮ নভেম্বর পর্যন্ত।
গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এটিকে স্বাগত জানায় ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ বেশকিছু রাজনৈতিক দল। তবে তফসিলকে ‘সরকারের ইচ্ছার প্রতিফলন’ বলে অভিযোগ জানায় রাজপথের বিরোধী দল বিএনপিসহ ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। যদিও শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। তবে সরকারবিরোধী এই জোটটি নির্বাচনের তারিখ একমাস পেছানোর দাবি জানায়। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কে এম বদরুদ্দোজার নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্টও নির্বাচন এক সপ্তাহ পেছানোর আবেদন করে ইসিকে। রোববার জোটগুলোর এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনে পৌছলে এ বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছিলেন সিইসি।
পুনঃতফসিল ঘোষণাকালে কেএম নূরুল হুদা বলেন, ঐক্যফ্রন্ট নির্বাচন পেছানোর দাবিতে কমিশনে যে চিঠি দিয়েছিল, সে বিষয়ে সোমবার সকালে বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ পেছানোর সিদ্ধান্ত নেন তারা। তারা নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। সেটি নিয়ে আমরা নির্বাচন কমিশনারদের সাথে আলোচনা করেছি, তারপর এই সিদ্ধান্ত নিয়েছি। এটি নির্বাচন কমিশনের জন্য স্বস্তির বিষয় যে বিএনপি, ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নিচ্ছে। এ অনুষ্ঠানে ভোটের নতুন তারিখ ও মনোনয়নপত্র জমার শেখ তারিখ ঘোষণা করলেও মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের তারিখ পরে ঠিক করা হবে বলে জানালেন সিইসি।
নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক শিবিরে মতানৈক্যের মধ্যেই গত ৮ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি নূরুল হুদা। সেখানে ২৩ ডিসেম্বর ভোটের তারিখ ধরে ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ২২ নভেম্বর বাছাই এবং ২৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রাখা হয়। তফসিলের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সমমনা দলগুলো মনোনয়নের প্রস্তুতি শুরু করলেও সাত দফা দাবি জানিয়ে আসা বিএনপি ও তাদের জোট শরিকরা স্পষ্ট ঘোষণা না দেওয়ায় দশম সংসদের পুনরাবৃত্তির আশঙ্কা জাগছিল অনেকের মনে। তবে রোববার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন ও মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের এক সংবাদ সম্মেলন থেকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলে সেই সংশয় কাটে। পরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলও ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানায়।



