প্রধান খবরবাংলাদেশ

‘ঈদের আনন্দ যাতে বিষাদের কারণ না হয়’

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: নিজ দায়িত্বে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘ঈদের আনন্দ যাতে অন্যের জন্য বিষাদের কারণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’ আজ সোমবার কোরবানির ঈদ উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

আবদুল হামিদ বলেন, ‘এবারের ঈদুল আজহা এমন এক সময়ে হচ্ছে যখন দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। কোরবানির পর বর্জ্য যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকলে মশার উপদ্রব আরও বেড়ে যেতে পারে।’

রাষ্ট্রপতি বলেন, ‘নিজ দায়িত্বে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং বাসাবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। ঈদের আনন্দ যাতে অন্যের জন্য বিষাদের কারণ না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।’

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে নিজেরা সচেতন হলেই এটি প্রতিরোধ করা সম্ভব বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কোরবানির আনন্দকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে এর প্রতিফলন ঘটানোর পাশাপাশি নিজের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং পরিবেশকে দূষণমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে ঈদ উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পোসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ বেসামরিক-সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

এ ছাড়া সংসদ সদস্য, রাজনীতিবিদ, বিচারপতি, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক-শিল্পী, ব্যবসায়ী প্রতিনিধি, ধর্মীয় নেতারাও রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension