
উইঘুর নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে চীনের পাল্টা নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের প্রধানসহ চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, জিনজিয়াং নিয়ে যুক্তরাষ্ট্র চীনের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার পর প্রতিশোধ হিসেবে পাল্টা নিষেধাজ্ঞা দিল চীন।
চীনের জিনজিয়াংয়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোকজন বসবাস করে। চীনের ওপর পশ্চিমাদের অভিযোগ, ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে ক্যাম্পে আটকে রেখেছে চীন। তাদের দিয়ে জোরপূর্বক শ্রম আদায় করানো হচ্ছে, নারীদের ধর্ষণ ও গর্ভপাতে বাধ্য করা হয়েছে।
তবে চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র জিনজিয়াং থেকে সমগ্র পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া উইঘুরদের প্রতি মানবাধিকার লঙ্ঘন করায় চীনের শীতকালীন অলিম্পিক বয়কট করেছে যুক্তরাষ্ট্র।
এর জবাবে চীন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রধান নাদিন মায়েনজাসহ সংস্থাটির চারজনের ওপর চীন, হংকং ও ম্যাকাউ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তাদের চীনে কোনো সম্পদ থাকলে সেটা জব্দ করা হবে।



