এখনই কোনো রাজনৈতিক দল নয়: নাহিদ
ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা এবং ছাত্রনেতা নাহিদ ইসলাম গতকাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই। তার ভাষ্যমতে, গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল না কোনো দল গঠন করা।
ফেসবুকে এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, ‘এই মুহূর্তের প্রয়োজন হলো অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো, নতুন জাতি গঠনের চেতনা লালন করা, প্রতিষ্ঠানের সংস্কার সাধন এবং জাতীয় ঐক্যকে সুদৃঢ় করা। ছাত্রসমাজ এবং অন্তর্বর্তীকালীন সরকার মিলে এই লক্ষ্য অর্জনে কাজ করবে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘স্বৈরাচারী ব্যবস্থার অবসান এবং নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠা ছিল আমাদের এক দফা দাবির অংশ। এ লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন হবে ব্যাপক কর্মযজ্ঞ এবং রাজনৈতিক তৎপরতা।’
‘আমরা জনগণের সঙ্গে আলাপ-আলোচনা এবং সংলাপের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তৈরি করতে চাই। এই মুহূর্তে আমাদের কোনো রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই। ছাত্ররা বিপ্লবের মূল চেতনাকে ধরে রাখতে একটি সামাজিক-রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে, আর সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রকে নতুন করে গড়ে তুলবে,’ যোগ করেন নাহিদ ইসলাম।
শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্বপূর্ণ শাসনকে উৎখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাত্ররা নতুন একটি রাজনৈতিক দল গঠনের চিন্তাভাবনা করছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। নাহিদ ইসলামের এই বক্তব্য রয়টার্সের ওই প্রতিবেদনের প্রেক্ষিতেই এসেছে।



