
এত কিছু করেও নোবেল পেলাম না : ট্রাম্প
বিশ্বজুড়ে আটটি যুদ্ধের অবসান ঘটানো এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার মতো সাফল্যের দাবি করেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, তিনি আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছেন এবং আরো দুটি যুদ্ধের অবসান বা সমাধানের কাছাকাছি রয়েছেন।
এ ছাড়া জীবিত ও মৃতসহ ইসরায়েলের সব জিম্মিকে ফিরিয়ে আনা এবং বিশ্বের বিভিন্ন দেশের শত শত জিম্মিকে মুক্ত করে তাদের দেশে ফেরত পাঠানোর কৃতিত্বও দাবি করেন তিনি।
ওই পোস্টে ট্রাম্প আরো দাবি করেন, ভেনেজুয়েলায় যুদ্ধে জয়ী হয়েছেন এবং দেশটির শাসককে আটক করেছেন।
একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথাও উল্লেখ করেন তিনি। ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট।
ক্ষোভ প্রকাশ করে পোস্টে ট্রাম্প লেখেন, এত কিছু করার পরও তিনি কিংবা যুক্তরাষ্ট্র নোবেল শান্তি পুরস্কার পাননি। এ নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি লেখেন, ‘বাহ!’



