প্রধান খবরযুক্তরাষ্ট্র

এবার ওষুধের উপর ১০০ শতাংশ কর বসালেন ট্রাম্প

ফের শুল্কের কোপ! মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্র্যান্ডেড ও পেটেন্ট করা ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানির উপরে ১০০ শতাংশ শুল্ক ঘোষণা করলেন। আগামী ১ অক্টোবর থেকেই এই শুল্ক কার্যকর হবে । এছাড়াও গৃহস্থালির নানা সামগ্রীর উপর ৫০ শতাংশ, আসবাবের উপর ৩০ শতাংশ এবং মালবাহী ট্রাকের উপর ২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

তার মতে, বিদেশি পণ্যে ছেয়ে গিয়েছে আমেরিকার বাজার। জাতীয় সুরক্ষা এবং স্বার্থের কথা মাথায় রেখেই এই প্রবণতা বন্ধ করা উচিত। ট্রাম্পের কথায়, আমেরিকার মাটিতেই এসব পণ্য উৎপাদন করতে হবে। নিজের সোশ্যাল মিডিয়া, ট্রুথ সোশ্যালে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প লেখেন, “১ অক্টোবর থেকে আমরা যেকোনও ব্রান্ডেড বা পেটেন্ট নেওয়া ফার্মাসিউটিক্যাল পণ্যের উপরে ১০০ শতাংশ শুল্ক বসাব, যদি না তারা আমেরিকায় ওষুধ তৈরির প্ল্যান্ট তৈরি করে। উৎপাদন শুরু করে, সেটাই চুক্তি। কোনও ছাড় পাওয়া যাবে না।”

আবার নতুন করে এই শুল্ক চাপানোর জন্য যুক্তিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার কথায়, বিদেশ থেকে আমদানি করা এই পণ্যগুলোর জন্য আমেরিকান কোম্পানিগুলি সমস্যায় পড়ছে। তাদের উৎপাদন ও পণ্য বিক্রি চ্যালেঞ্জের মুখে পড়ছে। দেশের জাতীয় নিরাপত্তা ও অন্যান্য কারণেই শুল্ক বসাচ্ছেন বলে জানিয়েছেন ট্রাম্প।

কয়েক সপ্তাহ আগেই হোয়াইট হাউস বাণিজ্যের কাঠামো ও আমদানি শুল্ক ঘোষণা করেছে। এরপরই ট্রাম্পের এই শুল্কের ঘোষণা। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ফেডেরাল ডেফিসিট বা আমেরিকার তহবিলে যে ঘাটতি রয়েছে, তা পূরণ করার জন্যই ট্রাম্প একের পর এক শুল্ক চাপাচ্ছেন বিশ্বের বাকি দেশের উপরে। এভাবে তিনি আমেরিকার নিজস্ব উৎপাদনকারী সংস্থা ও ব্রান্ডগুলোকেও বেশি বিক্রি করার সুযোগ করে দিতে চাইছেন।

তবে ট্রাম্পের এই সিদ্ধান্তে মুদ্রাস্ফীতি আরও ভয়ঙ্করভাবে বাড়তে পারে এবং বহু শিল্প-বাণিজ্যও আমেরিকা ছেড়ে চলে যেতে পারে।ট্রাম্পের এই ১০০ শতাংশ শুল্কের ঘোষণায় ভারতের উপরে ব্যাপক প্রভাব পড়তে পারে কারণ ফার্মাসিউটিক্যাল পণ্যের সবথেকে বড় বাজার আমেরিকা। ভারত সবথেকে বেশি আমেরিকাতেই ওষুধ রফতানি করে। আমেরিকায় ব্যবহৃত ৪৫ শতাংশ জেনেরিক এবং ১৫ শতাংশ বায়োসিমিলার ড্রাগ ভারত থেকেই যায়। ২০২৪ অর্থবর্ষে ভারত ৮.৭ বিলিয়ন ডলার অর্থাৎ ৭ লক্ষ ৭২ হাজার ৩১ কোটি টাকার ওষুধ রফতানি করেছিল আমেরিকায়, যা মোট ওষুধ রফতানির ৩১ শতাংশ।

সূত্র : ব্লুমবার্গ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension