
এমপি আনার হত্যা: খুনের আগে তোলা হয় আপত্তিকর ছবি
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার আগে মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনের বান্ধবী শিলাস্তি রহমান ওরফে সেলেনিস্কির সঙ্গে আপত্তিকর ছবি তুলে রাখে খুনিরা। সেই ছবি ছড়িয়ে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার পরিকল্পনাও ছিল তাদের। এছাড়া হত্যার আগে সেই ফ্ল্যাটে ক্লোরোফর্ম (চেতনানাশক) ছড়িয়ে দিয়ে অচেতন করা হয় এমপি আনোয়ারুল আজিম আনারকে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য মিলেছে।
তবে এসব অস্বীকার করেছেন অভিযুক্ত শিলাস্তি রহমান। তিনি শুক্রবার (২৪ মে) আদালতেও বলেন, ‘আমি কিছুই জানি না।’
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এমপি আনার হত্যার সময় কলকাতার সেই ফ্ল্যাটে ছিলেন শিলাস্তি রহমান। হত্যা মিশন সফল হওয়ার পর ঢাকায় ফিরে শাহীনের ফ্ল্যাটে পার্টিতেও অংশ নেন তিনি।

তদন্ত সূত্র বলছে, এমপি আনার খুনের সময়ে শিলাস্তি কলকাতার নিউ টাউনে সঞ্জীবনী গার্ডেনে শাহীনের ভাড়া করা ফ্ল্যাটেই অবস্থান করছিলেন। ভবনে প্রবেশ করে তিনি অবস্থান নেন ফ্ল্যাটের তৃতীয় তলায়। পরে তাকে নিচে নামিয়ে আনা হয়। ততক্ষণে নিচতলায় আনারকে অচেতন করে ফেলে খুনি চক্র। এরপর শিলাস্তির সঙ্গে আনারের আপত্তিকর ছবি তোলা হয়। ফের তিনি ফ্ল্যাটের ওপরের তলায় চলে যান। ব্লিচিং পাউডারের গন্ধ পেয়ে নিচে নেমে আসেন। খুনের বিষয়টি বুঝতে পেরে ফ্ল্যাট থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর এলাকার একটি হোটেলে অবস্থান করেন। পরে সেখান থেকে প্রধান কিলার আমানুল্লাহর সঙ্গে দেশে ফেরেন তিনি।



