
এরশাদের বরই খালেদা জিয়াকে খাওয়ানোর অনুরোধ
রূপসী বাংলা ডেস্ক:কারাগারে থাকা অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বরই গাছ লাগিয়েছিলেন। সেই গাছের বরই খালেদা জিয়াকে খেতে দিতে কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন জাপার এমপি ইয়াহইয়া চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ অনুরোধ জানান।
ইয়াহইয়া চৌধুরী বলেন, ২৮ বছর আগে কারাগারে থাকা অবস্থায় হুসেইন মুহম্মদ এরশাদ একটি বরই গাছ লাগিয়েছিলেন। এখন সেই গাছে বরই ধরেছে। কারাবিধান অনুযায়ী, এই বরই খাওয়া যাবে কিনা, জানি না। তবে সুযোগ থাকলে খালেদা জিয়াকে সেই বড়ই খেতে দেয়া হোক।
তিনি আরো বলেন, বেগম জিয়া একদিন এরশাদকে বিনা অপরাধে কারাগারে পাঠিয়েছিলেন। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, সেই জেলখানায় এখন খালেদা জিয়া!
ইয়াহইয়া বলেন, আটক হওয়ার পর এরশাদ বলেছিলেন, ‘আমার মুক্তির জন্য একটি গাড়িও ভাঙা হলে সেই মুক্তি আমি চাই না।’
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারেক রহমানসহ এই মামলার বাকি আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সরকারি আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন। ৬৩২ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়েন বিচারক।
বয়স বিবেচনায় খালেদা জিয়ার সাজা পাঁচ বছর কমানো হয়েছে। অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ডের পাশাপাশি দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।



