বাংলাদেশে বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে। আগস্টের মাঝামাঝি দক্ষিণাঞ্চলে বড় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে- তাই সেপ্টেম্বরের মাঝামাঝিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এর ধারাবাহিকতায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে এর ৪৫ দিন পর অর্থাৎ নভেম্বরে। মন্ত্রী বলেন, আমরা আশা করছি এ মাসের শেষ নাগাদ আশ্রয়কেন্দ্রগুলোকে পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী করা হবে। কিছু এলাকায় বন্যার পানিতে শিক্ষার্থীদের বই-পুস্তক নষ্ট হয়ে গেছে। ইতোমধ্যে তাদের সংখ্যা নিরূপণ করা হয়েছে।
তাদের কাছে ২৪ জুলাইয়ের মধ্যে নতুন বই পৌঁছে যাবে। সিলেট-সুনামগঞ্জ মিলে দুই জেলায় এসএসসি ও সমমানের শিক্ষার্থীসহ অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে মোট ১ লাখ ২ হাজার ৫০০ সেট বই দেয়া হবে।
নতুন তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হলেও সিলেবাসে কোন পরিবর্তন থাকছে না জানিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষার পুনর্বিন্যাস করা সিলেবাস সব একইরকম থাকবে, সেখানে কোন পরিবর্তন আসছে না। তবে কোন পরীক্ষার আগে-পরে কতটা গ্যাপ থাকবে, সেগুলোর ক্ষেত্রে হয়ত পরিবর্তন আসবে। লম্বা সময়ে না নিয়ে যতটুকু কম সময়ের মধ্য পরীক্ষা নেয়া যায়, সে চেষ্টা আমাদের থাকবে। তবে এতে পরীক্ষার্থীদের কোন অসুবিধা যাতে না হয়, সেটাও আমরা বিবেচনা করব। সামনের বছরের পরীক্ষার বিষয়ে ডাঃ দীপু মনি বলেন, এবার পরীক্ষা পিছিয়ে জুনে নিতে যাওয়ায় বর্ষার মধ্যে পড়ে গেছে। এ কারণে আমরা ফেব্রুয়ারির যত কাছাকাছি পারি পরীক্ষা নিয়ে নেব, যাতে বর্ষার মধ্যে না পড়ে।
রবিবার সচিবালয়ে বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমানের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এসময় শিক্ষামন্ত্রী, আগস্টে বন্যা হলেও সেপ্টেম্বরের ৮-১০ তারিখ পর্যন্ত থাকে। সে কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আশা করছি, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হবে। শিক্ষা বোর্ডগুলো অতিদ্রুত পরীক্ষার সময়সূচী প্রকাশ করবে। এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, সাধারণত দুটি পরীক্ষার মাঝে আমাদের দুই মাস সময় লাগে। সে অনুযায়ী নভেম্বরের মাঝামাঝি পরীক্ষা শুরু করার কথা। তবে বোর্ডগুলোর একটু কষ্ট হলেও ৪৫ দিনের মধ্যে অর্থাৎ নভেম্বরের শুরুতে পরীক্ষা আয়োজন করতে চাচ্ছি।
দীপু মনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দিচ্ছি আমরা। এর মধ্যে এসএসসি ও দাখিল মিলিয়ে সিলেটে ৬৮২ সেট আর সুনামগঞ্জে ১০ হাজার ৫৮৬ সেটসহ মোট ১১ হাজার ২৬৮ সেট নতুন বই দেয়া হবে। এছাড়া অন্যান্য শ্রেণীর বইও দিতে হবে। মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ থেকে ৯ম এবং ১০ম শ্রেণী ও ভোকেশনাল স্তরে সিলেটে ১৪ হাজার ৭৭৯ সেট এবং সুনামগঞ্জে ৪২ হাজার ৭৫৫ সেটসহ মোট ৫৭ হাজার ৫৩৪ সেট বই লাগবে। ইবতেদায়ি ও দাখিল ৬ষ্ঠ থেকে ৯ম এবং ১০ম শ্রেণী ও ভোকেশনাল স্তরে সিলেটে ১০ হাজার ১৪০ সেট এবং সুনামগঞ্জে ২৩ হাজার ৫৫৮ সেটসহ মোট ৩৩ হাজার ৬৯৮ সেট বই লাগবে। সবমিলিয়ে সিলেটে ২৫ হাজার ৬০১ এবং সুনামগঞ্জে ৭৬ হাজার ৮৯৯ সেট বই দিতে হবে। কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চল এবং নরসিংদী জেলার উদ্বৃত্ত থেকে দিয়ে দিতে পারব আশা করছি। এরপরও চাহিদা থাকলে এনসিটিবির বাফার স্টক থেকে দিয়ে দেব।
পরীক্ষাকালীন কোচিং সেন্টারের বিষয়ে দিক নির্দেশনা কি থাকবে জানতে চাইলে মন্ত্রী বলেন, যখন পরীক্ষা চলবে তখন কোচিং সেন্টার বন্ধ থাকবে পূর্বের সিদ্ধান্ত মোতাবেকই।
এসময় সম্প্রতি আলোচিত শিখন ঘাটতির বিষয়ে তিনি বলেন, আগামী বুধবার বিশেষজ্ঞদের নিয়ে সভা করবে এনসিটিবি। সেখান থেকে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। তারা আমাদের কর্মপরিকল্পনা দিলে সে অনুযায়ী তারিখ নির্ধারণ করে আমরা কাজ শুরু করে দেব।
এসময় সাম্প্রতিক সময়ে দেশজুড়ে শিক্ষক লাঞ্ছনা ও অপদস্থের ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এসব বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষকদের ওপর নির্যাতন ও হামলা আমরা মেনে নেব না। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া। মন্ত্রী বলেন, একটি মহল উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে এ জাতীয় ঘটনা ঘটাচ্ছে। অনেকে দেখেও কোন প্রতিবাদ করছে না। এটি শুধু সরকার অথবা আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়।
তিনি বলেন, এসব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো সবার সামাজিক দায়িত্ব। শুধু ঘটনা ঘটল আর প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা নিলাম তাতে এটি বন্ধ হবে না। বরং এটি প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সেজন্য একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মন্ত্রী বলেন, শিক্ষক জাতি গড়ার কারিগর। দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের লাঞ্ছনা, নির্যাতনসহ যেসব ঘটনার তথ্য পাওয়া যাচ্ছে, সেটি খুবই দুঃখজনক। এসব ঘটনা দেখে শিক্ষকরা এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছেন। আমরা তাদের পাশে আছি। সামাজিক আন্দোলনের মাধ্যমে এসব অন্যায় বন্ধ করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ কামাল হোসেন।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী। ২০২১ সালের তুলনায় ২০২২ খ্রিস্টাব্দে মোট পরীক্ষার্থী কমেছে দুই লাখ ২১ হাজার ৩৮৬ জন। পরীক্ষায় ছাত্র ১০ লাখ নয় হাজার ৫১১ জন এবং ছাত্রী ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন। এবার ছাত্রের তুলনায় ছাত্রী সংখ্যা বেশিÑ দুই হাজার ৮৪৬ জন। এ বছর নয়টি সাধারণ বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন এবং দাখিলে দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন ও কারিগরিতে এক লাখ ৬৩ হাজার ৬৬২ জন অংশ নেয়ার কথা।



